লাকসামে জামায়াতের হামলায় সাত পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের প্রথম দিনে আজ রোববার ভোর ছয়টার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা লাকসাম-নোয়াখালী রেলপথের রেললাইন উপড়ে ফেলেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে ওই লাইনের মেরামতকাজ শেষ হয়। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। এ ছাড়া লাকসাম-সোনাইমুড়ি সড়কের নাঙ্গলকোট উপজেলার লুধুয়া এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা সড়ক অবরোধ করেন। এ সময় বাধা দিলে জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশের ওপর পাথর ছোড়েন। এতে সাত পুলিশ আহত হন। লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, সকাল সাড়ে নয়টার দিকে লাকসাম-সোনাইমুড়ি সড়কের নাঙ্গলকোট উপজেলার লুধুয়া এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা সড়ক অবরোধ করে রাখেন। এ সময় বাধা দিলে তাঁরা পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে পুলিশ তাঁদের ধাওয়া করে। এ সময় জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মতো পাথর ছোড়েন। এতে সহকারী পুলিশ পরিদর্শক মো. গিয়াসউদ্দিনসহ পুলিশের সাতজন সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২০ থেকে ২৫টি ফাঁকা গুলি ছোড়ে।লাকসাম রেলওয়ে সূত্রে জানা যায়, ভোর ছয়টার দিকে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার রেলস্টেশনের দক্ষিণ পাশে ওই রেলপথের দুটি লাইন উপড়ে ফেলেন জামায়াত-শিবিরের কর্মীরা। এতে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর উপকূল এক্সপ্রেস সোনাইমুড়ি স্টেশনে আটকা পড়ে।লাকসাম জংশনে কর্মরত রেলওয়ের পরিবহন পরিদর্শক (টিআই) মাসুদ সারওয়ার জানান, রেললাইন উপড়ে ফেলার খবর পাওয়ার পরপরই একটি বিশেষ ট্রেনে করে রেললাইন মেরামত করার জন্য রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগের লোকজন ঘটনাস্থলে যান। বেলা ১১টা ২৫ মিনিটে মেরামতকাজ শেষ হয়। এ সময় থেকে ওই লাইনে আবার ট্রেন চলাচল শুরু হয়। লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ কান্তি দাস বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ, নিরাপত্তা বাহিনী এবং আনসার সদস্য মোতায়েন রয়েছেন।ওসি জানান, গত বৃহস্পতিবারও হরতাল চলাকালে জামায়াত-শিবিরের কর্মীরা বিপুলাসার রেলস্টেশনের কাছে একটি রেলসেতুর (রথির পুল) স্লিপারে আগুন ধরিয়ে দেন। লাইন মেরামত করতে গেলে শিবিরের হামলায় রেলের আট কর্মচারী আহত হন।