লাকসামে ট্রেনের চাকা লাইনচ্যুত, আহত ১২
লাকসামের কাছে আলীশ্বর ও লালমাই রেলস্টেশনের মধ্যবর্তী স্থানে ঢাকা-চট্টগ্রাম রেলপথে আখাউড়াগামী একটি যাত্রীবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনার পর ওই পথে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।লাকসাম রেলওয়ে সূত্র জানায়, আজ বৃহস্পতিবার নোয়াখালী থেকে ছেড়ে আসা আখাউড়াগামী যাত্রীবাহী সমতট এক্সপ্রেস যাত্রাবিরতি শেষে বেলা ১১টা ১৫ মিনিটে লাকসাম জংশন ছেড়ে যায়। আলীশ্বর রেলস্টেশন অতিক্রম করার পর বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ট্রেনটির ইঞ্জিনের পেছনের ৩ নম্বর বগির এক্সেল ভেঙে যায়। এতে ওই বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এ সময় আতঙ্কিত হয়ে ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।দুর্ঘটনার পর লাকসাম জংশন থেকে রিলিফ ট্রেন (উদ্ধারকারী ক্রেন) ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে।ট্রেন দুর্ঘটনার কারণে ওই লাইনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস লাকসাম জংশনে, ঢাকা থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস কুমিল্লা রেলস্টেশনে ও সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ফেনী জংশনে আটকা পড়েছে।লাকসাম রেলওয়ে জংশন কেবিন স্টেশন মাস্টার (সিএসএম) মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।