লাকসামে সড়ক দুর্ঘটনায় শিশুসহ এক পরিবারের তিনজন নিহত
লাকসামে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের শিশুসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে ওই পরিবারের দুজনসহ আরও ১০ জন। আহতদের মধ্যে শিশু ও একজন বৃদ্ধার অবস্থা আশঙ্কাজনক। আজ বৃহস্পতিবার সকালে লাকসাম-লালমাই সড়কে ভৈষকপালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন সিএনজিচালিত অটোরিকশার যাত্রী চট্টগ্রামের মিরেরসরাইয়ের বিষ্ণুপদ রায় (৪৫), তাঁর স্ত্রী কনিকা রায় (৪০) ও তাঁদের বড় ছেলে কমল রায় (১০)।আর নিহত বিষ্ণুর শাশুড়ি লীলাবতী রায় (৭০) এবং অপর ছেলে পার্থ রায়কে (১০) কুমিল্লার ট্রমা সেন্টারে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে।উল্লেখ্য, নিহত কমল ও আহত পার্থ যমজ ভাই।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে নয়টার দিকে লাকসাম থেকে সিএনজিচালিত একটি অটোরিকশায় চড়ে একই পরিবারের পাঁচ সদস্য চট্টগ্রামের উদ্দেশ কুমিল্লা বিশ্বরোড বাসস্ট্যান্ডে যাচ্ছিল। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলে গাড়ি দুটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী মারা যায়।স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় শিশু পার্থ ও তার নানি লীলাবতীকে উদ্ধার করে প্রথমে লাকসামের একটি হাসপাতালে নিয়ে আসে। সেখানে অবস্থার অবনতি হলে তাদের দ্রুত কুমিল্লা ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়। আহত অন্যদের লাকসামের বিভিন্ন হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়।হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে লাকসাম থানায় নিয়ে যায়।নিহত বিষ্ণুপদ রায়ের পারিবারিক সূত্রে জানা যায়, তারা সপরিবারে লাকসামের জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত বার্ষিক মহোত্সব হরিনাম সংকীর্তন নামযজ্ঞ অনুষ্ঠানে এসেছিল। অনুষ্ঠান থেকে যাওয়ার পথে এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়।লাকসাম ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) লুত্ফুর রহমান জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাসেম চৌধুরী জানান, এ ব্যাপারে লাকসাম থানায় মামলা হয়েছে।