লাখ টাকার নিচে ছিনতাই করেন না ‘পুলিশ’ হাকিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ বাহিনীতে প্রায় ১২ বছর চাকরি করেছেন। ছিনতাইসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে ২০০৭ সালে চাকরি চলে যায়। এরপর কখনো পুলিশের পোশাকে, আবার কখনো র‌্যাবের পরিচয়ে তিনি চট্টগ্রামে বড় বড় ছিনতাইয়ে নেতৃত্ব দিচ্ছিলেন। ধরা পড়লে যাতে কারাগারে পড়ে থাকতে না হয়, সে জন্য আইনজীবী ঠিক করে রেখেছিলেন। গ্রেপ্তার হলে তাঁর হয়ে বাকিতে কাজ করতেন আইনজীবী। বের হয়ে ছিনতাই করে পরিশোধ করতেন আইনজীবীর পাওনা। চাকরিচ্যুতির পর পেশাদার ছিনতাইকারী বনে যাওয়া এই পুলিশ সদস্যের নাম আবদুল হাকিম।সম্প্রতি চট্টগ্রাম নগরে কয়েকটি বড় ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেসব ছিনতাইয়ে নেতৃত্ব দেন আবদুল হাকিম ওরফে পুলিশ হাকিম ওরফে র‌্যাব হাকিম। নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ হাছান চৌধুরী ও পুলিশের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন গত বৃহস্পতিবার বিকেলে তাঁকে নগরের ছোটপুল এলাকা থেকে গ্রেপ্তার করেন। গত শুক্রবার তাঁকে নিয়ে নগরের বিভিন্ন জায়গায় অভিযান চালায় পুলিশ। তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাওয়া গেছে বলে পুলিশ সূত্র জানায়।ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, ‘হাকিম জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, লাখ টাকার কমে কখনো তিনি ছিনতাই করেন না। ২০০৭ থেকে ২০১০ পর্যন্ত নগরের বড় অঙ্কের টাকা হাকিম বা তাঁর বাহিনীর লোকজন ছিনতাই করেছে। চট্টগ্রামে সাতটি বাহিনী তৎপর। প্রতিটি বাহিনীর সদস্য চার থেকে সাতজন। সবগুলোর নেতৃত্ব দেন হাকিম। তাঁর বাহিনীর সব সদস্যের নাম আমরা পেয়েছি।’বাকিতে জামিনের ব্যবস্থা: হাকিম সাতটি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। নয় মাস কারাভোগের পর গত ৫ জুলাই তিনি জামিনে মুক্তি পান। চট্টগ্রামের একজন আইনজীবী ৮০ হাজার টাকায় চুক্তিতে তাঁর জামিন করিয়ে দেন। ওই আইনজীবী চুক্তি অনুযায়ী কিছু অগ্রিম টাকা নেন। বাকি অর্থ জামিনে বেরিয়ে ছিনতাই করে পরিশোধ করেন হাকিম।গোয়েন্দা কার্যালয়ে হাকিম প্রথম আলোকে বলেন, ‘আমি নয় মাস কারাগারে ছিলাম। মামলা-মোকদ্দমায় অনেক দায়দেনা হয়। তাই গত ২৯ জুলাই নগরের ইসলামিয়া কলেজের সামনে থেকে সোয়া পাঁচ লাখ টাকা ছিনতাই করি। ওই টাকা থেকে পাওয়া আমার ভাগের অংশ দিয়ে উকিলের পাওনা পরিশোধ করি।’ হাকিম আরও বলেন, ‘আমার অন্য সহযোগীদেরও উকিলেরা বাকিতে জামিনের ব্যবস্থা করে দেন। পরে ছিনতাই করে পাওয়া টাকা থেকে উকিলের ফি শোধ করি। ওই ছিনতাইয়ে আমি ভাগ পাই ৪২ হাজার টাকা।’মহানগর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহম্মেদ বলেন, ‘মক্কেলদের জামিনের জন্য কাজ করা কোনো আইনজীবীর অপরাধ নয়। তবে জেনেশুনে কোনো সন্ত্রাসীকে বাকিতে জামিন করিয়ে দেওয়া ভালো কাজ হতে পারে না।’পুলিশ সূত্র জানায়, হাকিমের বাড়ি বগুড়ায়। ১৯৯৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি পুলিশের কনস্টেবল ছিলেন। ২০০৭ সালে চাকরি গেলে পুরোদমে ছিনতাই শুরু করেন। নগরে বড় বড় ছিনতাইয়ের নায়ক এই হাকিম।গোয়েন্দা পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, প্রায় এক মাস আগে আগ্রাবাদে ২৪ লাখ টাকা ছিনতাই হয়। হুন্ডির এই টাকা হাকিম ও তার লোকজন ছিনতাই করে। হুন্ডির টাকা বলে কেউ থানায় মামলা করেনি।খোঁজ নিয়ে জানা গেছে, ইসলামিয়া কলেজের সামনে ২৯ জুলাই পটিয়ার এ জে চৌধুরীর কলেজের শিক্ষক সুজিত দাশের সোয়া পাঁচ লাখ টাকা ছিনতাই হয়। ঘটনার সময় সুজিত সন্ত্রাসী হাকিমের পা ধরে আকুতি জানিয়েও কোনো লাভ হয়নি। সুজিত দাশ প্রথম আলোকে বলেন, ‘নগরের চকবাজারে ভাইদের কাছ থেকে টাকা নিয়ে আমি সদরঘাটে যাচ্ছিলাম। ইসলামিয়া কলেজের সামনে সন্ত্রাসীরা আমার গতিরোধ করে। এদের মধ্যে আমি হাকিমকে চিনতে পেরেছি। টাকা রক্ষায় আমি হাকিমের পা পর্যন্ত ধরেছি।’পুলিশ সূত্র জানায়, র‌্যাব পরিচয় দিয়ে গত মঙ্গলবার নগরের জিইসি মোড়ের একটি ব্যাংকের সামনে গাড়ি ব্যবসায়ীর ১১ লাখ টাকা ছিনতাই করে সন্ত্রাসীরা। এর রেশ কাটতে না কাটতে পরের দিন বুধবার মুরাদপুর এলাকায় আরেক ব্যবসায়ীর ছয় লাখ টাকা ছিনতাই হয়। এসব ঘটনার সঙ্গে হাকিম জড়িত থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।