লাখ টাকার মুচলেকায় জামিন পেলেন সেলিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর শাখার সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিনকে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এক লাখ টাকা মুচলেকা ও দুজন আইনজীবীর জিম্মায় তাঁর জামিন আবেদন মঞ্জুর করা হয়।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ রোববার এ আদেশ দেন।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্তের আবেদনের পরিপ্রেক্ষিতে সেলিমকে আজ বেলা দুইটায় ট্রাইব্যুনালে হাজির করা হয়। আবেদনে রানা দাশগুপ্ত বলেন, ‘পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি, সেলিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’ ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী তিনি এই জামায়াত নেতাকে ট্রাইব্যুনালে হাজিরের জন্য আবেদন জানান। এই আবেদনের পরিপ্রেক্ষিতে সেলিম উদ্দিনকে আজ বেলা দুইটার মধ্যে হাজির করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দেন ট্রাইব্যুনাল।ট্রাইব্যুনালে উপস্থাপনের পর ব্যক্তিগত কারণ দেখিয়ে সেলিমের জামিন আবেদন করেন তাঁর আইনজীবী তাজুল ইসলাম। এক লাখ টাকা মুচলেকা দিয়ে দুজন আইনজীবীর জিম্মায় ট্রাইব্যুনাল তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন। এ ছাড়া ২১ মার্চ তাঁকে আইনজীবীর মাধ্যমে তাঁর বক্তব্যের বিষয়ে ট্রাইব্যুনালে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।৬ মার্চ বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন একই ট্রাইব্যুনাল। আদালত অবমাননার অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়।জামায়াতের এই তিন নেতা হলেন: দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর শাখার নায়েবে আমির ও সাংসদ হামিদুর রহমান আযাদ এবং মহানগর শাখার সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিন। তিন দফা সময় নিয়েও আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে সশরীরে হাজির না হওয়ায় এ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুসারে, গত ৪ ফেব্রুয়ারি জামায়াত নেতা সেলিম উদ্দিন এক জনসভায় বলেন, ‘দেশকে গৃহযুদ্ধ থেকে বাঁচাতে হলে বিতর্কিত ট্রাইব্যুনাল থেকে রায় দেওয়ার সুযোগ নেই।’ হামিদুর রহমান আযাদ বলেন, ‘...এ ট্রাইব্যুনাল আর এক মুহূর্তও চলতে পারে না।’ রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেন, ‘...ট্রাইব্যুনালের “প্রতিহিংসাপরায়ণ রায়”কে প্রতিহত করতে মানুষ রক্তও ঢেলে দেবে।’ট্রাইব্যুনাল-২ এসব বক্তব্য আমলে নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে গত ৭ ফেব্রুয়ারি ওই তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে নোটিশ দেন। ওই দিন আদেশে বলা হয়, ২০ ফেব্রুয়ারির মধ্যে তাঁদের ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে জবাব দিতে হবে। নির্ধারিত দিনে তাঁরা হাজির না হয়ে সময়ের আবেদন জানালে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়। সেদিনও তাঁরা হাজির না হওয়ায় ৬ মার্চ হাজিরের শেষ সুযোগ দেওয়া হয়। কিন্তু সেদিনও তাঁরা হাজির না হলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এদিকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ৮ মার্চ সেলিম উদ্দিনসহ দুই জামায়াত নেতাকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-২-এর একটি দল। গ্রেপ্তার হওয়া অপরজন হলেন: উত্তরা থানা জামায়াতের নায়েবে আমির মাহমুদুর রহমান। রাজধানীর কারওয়ান বাজারের একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।