লাখ লাখ মানুষের মৃত্যু হতে পারে আর্সেনিকে
দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক বা সাত কোটি ৭০ লাখ মানুষ ক্ষতিকর মাত্রার আর্সেনিকযুক্ত পানি পান করছে। এতে করে অকালেই আর্সেনিকের বিষক্রিয়ায় লাখ লাখ মানুষের মৃত্যু হতে পারে। সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। ইউনিভার্সিটি অব শিকাগো মেডিকেল সেন্টারের গবেষক হাবিবুল এহসানের নেতৃত্বে প্রায় ১০ বছর এ গবেষণা করা হয়েছে। স্বাস্থ্যবিষয়ক সাময়িকী ল্যানসেট-এ গতকাল শনিবার এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।গবেষক দল জানিয়েছে, মানুষের জন্য সুপেয় এবং পরিষ্কার খাওয়ার পানির ব্যবস্থা করতে সত্তরের দশকে বাংলাদেশে লাখ লাখ অগভীর নলকূপ স্থাপন করে বিভিন্ন সাহায্য সংস্থা। হস্তচালিত এসব নলকূপ স্থাপনের পর থেকে এ পর্যন্ত প্রায় সাত কোটি ৭০ লাখ বা দেশের জনসংখ্যার অর্ধেক মানুষ আর্সেনিক সংক্রমণের ঝুঁকির মুখে পড়েছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এক বিবৃতিতে বলেছে, এত বিপুলসংখ্যক মানুষের আর্সেনিক সংক্রমণের ঘটনা ইতিহাসে এই প্রথম।আর্সেনিক সংক্রণের সঙ্গে মৃত্যুর ঝুঁকি বৃদ্ধির সম্পর্ক নিয়ে গবেষণা এই প্রথম। তবে গবেষক দলের প্রধান হাবিবুল এহসান জানিয়েছেন, এই সমস্যা শুধু বাংলাদেশে নয়। তিনি বলেন, গবেষণার জন্য বাংলাদেশকে বেছে নেওয়া হয়েছে। কারণ সেখানকার প্রায় ৯০ শতাংশ মানুষের খাওয়ার পানির প্রাথমিক উৎস ভূগর্ভস্থ পানি।হাবিবুল এহসান বলেন, ‘পৃথিবীর আরও অনেক দেশে মানুষ আর্সেনিকযুক্ত পানি পান করে এবং সেখানেও এটি একটি জনস্বাস্থ্য সমস্যা। তবে বাংলাদেশের মতো ভয়াবহ অবস্থা আর কোথাও নেই।’গবেষকেরা ঢাকার কাছাকাছি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ১১ হাজার ৭৪৬ জন মানুষের ওপর এ গবেষণা চালান। গবেষণায় অংশগ্রহণকারীদের বয়স ১৮ থেকে ৭৫ বছরের মধ্যে। ২০০০ সালের অক্টোবর থেকে ২০০২ সালের মে মাস পর্যন্ত সময়ে এঁদের সবার সাক্ষাৎকার নেওয়া হয় এবং সবার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তাঁরা যে পানি পান করেন, তাতে আর্সেনিকের মাত্রা এবং তাঁদের মূত্র পরীক্ষা করা হয়। এরপর ২০০২ সালের সেপ্টেম্বর থেকে ২০০৪ সালের মে, ২০০৪ সালের জুন থেকে ২০০৬ সালের আগস্ট এবং ২০০৭ সালের জানুয়ারি থেকে ২০০৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিন দফায় একই এলাকায় একই মানুষের ওপর পরীক্ষা চালানো হয়।এ ছাড়া ওই এলাকার পাঁচ হাজার ৯৬৬টি নলকূপের পানিতে আর্সেনিকের মাত্রাও পরীক্ষা করা হয়। এ সময় দেখা যায়, গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে ২৩ শতাংশ মানুষের খাওয়ার পানিতে আর্সেনিকের মাত্রা প্রতি লিটারে ১০ মাইক্রোগ্রামের মধ্যে (বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী প্রতি লিটারে ১০ মাইক্রোগ্রাম পর্যন্ত আর্সেনিক নিরাপদ)। ২১ শতাংশের খাওয়ার পানিতে আর্সেনিক ছিল ১০ দশমিক ১ মাইক্রোগ্রাম থেকে ৫০ মাইক্রোগ্রাম। ৩১ শতাংশ মানুষ পান করেন ৫০ দশমিক ১ মাইক্রোগ্রাম থেকে ১৫০ মাইক্রোগ্রাম পর্যন্ত আর্সেনিকযুক্ত পানি। আর লিটারে ১৫০ থেকে ৮৬৪ মাইক্রোগ্রামের নিচে আর্সেনিকযুক্ত পানি পান করেন ২৫ শতাংশ মানুষ। সর্বনিম্ন ২৩ শতাংশের তুলনায় এই সর্বোচ্চ ২৫ শতাংশের মৃত্যুর ঝুঁকি গবেষণার ছয় বছরে বেড়ে যায় ৭০ শতাংশ।আর গবেষণার শেষ পর্যায়ে এসে দেখা যায়, অংশগ্রহণকারীদের মধ্যে ৪০৭ জন গবেষণাকালে মারা যান। এঁদের অধিকাংশেরই মৃত্যু ঘটে আর্সেনিক দূষণের কারণে। সর্বনিম্ন মাত্রার আর্সেনিকযুক্ত পানি গ্রহণকারীদের স্বাস্থ্য ঝুঁকি নিরূপণের জন্য গবেষণার আওতা বাড়িয়ে ২০ হাজার মানুষকে নিয়ে কাজ করছেন গবেষকেরা। গবেষক দলের প্রধান হাবিবুল এহসান বলেন, ‘আমরা জানি উচ্চমাত্রার আর্সেনিক ক্ষতিকর কিন্তু আমরা জানি না, সর্বনিম্ন কোন মাত্রা পর্যন্ত আর্সেনিক কোনো ক্ষতি করে না।’ তিনি জানান, বাংলাদেশে ভূগর্ভস্থ পানির বেশির ভাগ আর্সেনিকযুক্ত। কিন্তু পানি থেকে আর্সেনিক দূর করা মোটেই সহজ নয়, বিশেষ করে বাংলাদেশের মতো গরিব দেশে। সূত্র: ল্যানসেট অনলাইন, রয়টার্স ও এএফপি।