লাখো-কোটি মানুষ গণ-অনাস্থা জ্ঞাপন করেছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমন্বয়ক তরিকুল ইসলাম দাবি করেছেন, ‘সারা দেশের ৬৪ জেলা ও ঢাকা মহানগরে লাখো-কোটি মানুষ মানবপ্রাচীরে অংশ নিয়েছে। জনগণ এই কর্মসূচিতে অংশ নিয়ে সরকারের প্রতি গণ-অনাস্থা জ্ঞাপন করেছে।’আজ মঙ্গলবার রাজধানীর বংশাল থানার সামনে মানবপ্রাচীরে অংশ নিয়ে তরিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে এসব কথা বলেন।বিএনপির এই নেতা বলেন, ‘এই হূদস্পন্দন ও ভাষা সরকারের বোঝা উচিত।’ তিনি বলেন, ‘এই গণ-অনাস্থার পর আমরা আশা করি সরকার পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেবে। নইলে পরিণতি খারাপ হবে। তার দায় সরকারকেই বহন করতে হবে।’ব্যবসায়ী ও সুশীল সমাজের উদ্দেশে তরিকুল ইসলাম বলেন, ‘আপনারা হরতাল চান না। আমরা বিকল্প কর্মসূচি দিয়েছি। লাখো-কোটি মানুষ শান্তিপূর্ণ এই কর্মসূচিতে অংশ নিয়েছে। ব্যবসায়ী ও সুশীল সমাজের উচিত আমাদের এই কর্মসূচির প্রতি সমর্থন জানানো এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে চাপ প্রয়োগ করা।’নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন বিরোধী জোট আজ ঢাকা ও জেলা শহরগুলোতে মানবপ্রাচীর কর্মসূচি পালন করে।