লাখো শামুকের মৃত্যুর মিছিল
কক্সবাজার সমুদ্রসৈকতে দুই দিন ধরে ভেসে আসছে অজস্র মরা শামুক। স্থানীয় লোকজন মাছ ও হাঁস-মুরগির খাদ্য তৈরির জন্য এসব শামুক কুড়িয়ে নিচ্ছে। বঙ্গোপসাগরে পরিবেশদূষণ ও আবাসস্থল নষ্টের কারণে শামুকের এই মড়ক লেগেছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।গতকাল শুক্রবার সকাল নয়টায় সমুদ্রসৈকতের ডায়াবেটিক হাসপাতাল পয়েন্ট-সংলগ্ন সৈকতে গিয়ে দেখা যায়, লাখো শামুকে ভর্তি পুরো সৈকত। এই শামুক ডায়াবেটিক হাসপাতাল পয়েন্ট-সংলগ্ন সৈকত থেকে নাজিরারটেক পয়েন্ট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। নারী, পুরুষ ও শিশুরা মরা শামুকগুলো কুড়িয়ে নিচ্ছে।নাজিরারটেক এলাকার বাসিন্দা মো. আলমগীর জানান, সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত দুই ঘণ্টায় তিনি ১৪ বস্তা শামুক সংগ্রহ করেন।স্থানীয় সমিতিপাড়ার গৃহবধূ আকলিমা আকতার ও দিনমজুর সিরাজ মিয়ার ভাষ্যমতে, মরা শামুকের দুর্গন্ধে সৈকতের পরিবেশ নষ্ট হচ্ছে। এতে পর্যটকদের দুর্ভোগও বাড়ছে। তাই এসব কুড়িয়ে নেওয়া হচ্ছে। গত আট বছরে তাঁরা এ ধরনের মরা শামুক ভেসে আসতে দেখেননি বলে দাবি করেন।পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ-আল-মামুন প্রথম আলোকে বলেন, খাদ্যসংকট অথবা আবাসস্থল নষ্টের কারণে শামুকের মৃত্যু হতে পারে। পানির গুণমান নষ্টের কারণেও এমনটি হতে পারে। এ ব্যাপারে অনুসন্ধান চালানো দরকার। তিনি বলেন, লোকবল-সংকটের কারণে শামুক মরার কারণ দ্রুত অনুসন্ধান করা সম্ভব হবে না। কারণ এই কার্যালয়ে তিনি ছাড়া আর কেউ নেই।কক্সবাজারে সামুদ্রিক মৎস্য গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, সমুদ্রে শামুকের অস্বাভাবিক মৃত্যুর কারণ অনুসন্ধান করা হচ্ছে। দূষণের কারণে শামুকের মড়ক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তা ছাড়া সাগরে লবণের মাত্রা বৃদ্ধি, খাদ্যসংকট, আবাসস্থল নষ্ট ও আবহাওয়ার পরিবর্তনের ফলেও জীববৈচিত্র্য ধ্বংস হতে পারে।মো. শাহাবুদ্দিন জানান, সমুদ্রের উপকূলজুড়ে দূষণের ফলে ইলিশসহ সামুদ্রিক মৎস্য প্রজননক্ষেত্রগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রজননক্ষেত্র নষ্ট হওয়ায় ইতিমধ্যে বঙ্গোপসাগরে ৪৭৫ প্রজাতির মাছের মধ্যে বহু প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে। এসব ব্যাপারে বড় ধরনের গবেষণা চালানো দরকার হয়ে পড়েছে।