লাগাতার হরতাল দেওয়া হলে সমর্থন দেবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলাম বাংলাদেশ লাগাতার হরতাল আহ্বান করলে এতে সমর্থন দেবে বিএনপি। দলটি চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যেকোনো সময় স্থায়ী কমিটির বৈঠক হতে পারে জানিয়ে সদস্যদের ঢাকায় প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।বিএনপির একাধিক নীতি-নির্ধারক জানিয়েছেন, হেফাজতের কর্মসূচি দেখে তাঁরা দলীয় কর্মসূচি নির্ধারণ করবেন। এ ছাড়া ১৮-দলীয় জোটের পূর্বনির্ধারিত ১০ এপ্রিলের সমাবেশ হবে কি না, তা নির্ভর করছে হেফাজতের কর্মসূচির ওপর। হেফাজতে ইসলাম আজ থেকে ঢাকায় অবস্থান শুরু করলে ১৮-দলীয় জোটও ঢাকায় একই ধরনের কর্মসূচি শুরু করতে পারে। আবার হরতাল শুরু হলে সমাবেশ পিছিয়ে দেওয়ার সম্ভাবনা আছে।কথিত নাস্তিক ব্লগারদের শাস্তিসহ ১৩ দফা দাবিতে আন্দোলন করছে হেফাজতে ইসলাম। সংগঠনটির উদ্যোগে এ দাবিতে ঢাকামুখী লংমার্চ গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। আজ শনিবার রাজধানীর মতিঝিলে সমাবেশ করার কথা রয়েছে। এদিকে হেফাজতের কর্মসূচির পাল্টা হিসেবে আজ হরতাল-অবরোধ ডেকেছে প্রগতিশীল ২৩ সংগঠন। আজকের হরতাল বাতিল না করলে হেফাজতে ইসলাম কাল রোববার থেকে টানা হরতাল পালনের হুমকি দিয়েছে। বিএনপি ও ১৮-দলীয় জোট ইতিমধ্যে হেফাজতের কর্মসূচিতে নৈতিক সমর্থনের কথা জানিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, এদের কর্মসূচিতে বিএনপি সমর্থন দিয়েছে। হয়তো কেউ সরাসরি এ কর্মসূচিতে থাকতে পারেন। তবে কেন্দ্র থেকে লংমার্চে আসতে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা দেওয়া হয়নি। বিএনপির নেতারা বলেছেন, লংমার্চ চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে বিভিন্ন জেলা থেকে তাঁদের বিপুলসংখ্যক কর্মী-সমর্থক ঢাকায় আসছেন। গত ৩০ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার সমাবেশ থেকে কর্মী-সমর্থকদের লংমার্চে শরিক হতে বলা হয়েছিল। তাঁরা জানান, বিএনপির হাজার হাজার কর্মী-সমর্থক ঢাকায় এসেছেন অথবা ঢাকার পথে আছেন।