লাগাতার হরতালকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার সুপারিশ
লাগাতার হরতালকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে বেসরকারি বিল তৈরি করার পরামর্শ দিয়েছে বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ মঙ্গলবার বিকেলে সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। এর আগে জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক (চুন্নু) বেসরকারি বিল হিসেবে সংসদে ‘জনস্বার্থ বিল-২০১০’ উত্থাপন করেন। আজ সংসদীয় কমিটি বেসরকারি এই বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে। বিলটি সংসদে হরতালবিরোধী বিল হিসেবে পরিচিতি পেয়েছে। কমিটি উত্থাপিত বিলে ‘রাজনৈতিক কর্মসূচির’ পরিবর্তে ‘হরতাল’ শব্দটি যুক্ত করতে বলেছে। একই সঙ্গে হরতালের বিকল্প উপায়ও খুঁজে বের করার পরামর্শ দিয়েছে। বৈঠক শেষে কমিটির সভাপতি আবদুল মতিন খসরু সাংবাদিকদের বলেন, হরতাল আহ্বানের অধিকার যেমন আছে, পালন না করার অধিকারও আছে। জোর করে হরতাল পালন করানো বেআইনি। এ জন্য কমিটি উপর্যুপরি হরতাল আহ্বানকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে বিল চূড়ান্ত করতে বলেছে। বৈঠকে বিরোধী দলীয় সাংসদ সৈয়দা আশিফা আশরাফী বিলটি চূড়ান্ত করার আগে আওয়ামী লীগ ও বিএনপির সর্বোচ্চ নেতৃত্বের মতামত নেওয়ার পক্ষে মত দিয়েছেন। তিনি বলেন, সরকারি দলে থাকলে হরতাল এক রকম, বিরোধী দলে থাকলে আরেক রকম। এখন বিলটি পাস করা হলে পরে অন্য কোনো দল তা বাতিল করে দিতে পারে। এ জন্য আওয়ামী লীগের সভানেত্রী এবং বিএনপির চেয়ারপারসনের মত নেওয়া দরকার।আবদুল মতিন খসরুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য হুইপ আ স ম ফিরোজ, জুনাইদ আহমেদ ও সৈয়দা আশিফা আশরাফী অংশ নেন।