লাগাম টেনে কথা বলবেন, বিশ্বব্যাংককে মতিয়া চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাংকের কড়া সমালোচনা করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘কথা বলার সময় লাগাম টেনে কথা বলবেন। এত সাহায্য দেন না যে ছড়ি ঘোরাবেন।’ ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, ‘হেদায়েত করা একটু কমান। মাঝে মাঝে কাগজে দেখি, আপনারাই দেউলিয়া হয়ে যাচ্ছেন।’ আজ শনিবার জাতীয় সংসদের বাজেট আলোচনায় বক্তব্য দেওয়ার সময় মতিয়া চৌধুরী এসব কথা বলেন।মতিয়া চৌধুরী বলেন, বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর জাহিদ হোসেন বাজেট নিয়ে এক আলোচনায় বলেছেন, ডেটা নিয়ে পরিসংখ্যান ব্যুরো ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। এ ক্ষেত্রে পরিসংখ্যান ব্যুরোকে সমর্থনের কথাই তিনি বলেছেন।মতিয়া চৌধুরী বিশ্বব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা অযোগ্যতাকেই উত্সাহিত করছেন। কার স্বার্থ আপনারা দেখছেন? কারও স্বার্থ সংরক্ষণের জন্য আপনাদের পাঠানো হয়নি।’কৃষিমন্ত্রী প্রস্তাবিত বাজেটের পক্ষে বলেন, ‘গরিবের দিকে নজর রেখে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আমরা দারিদ্র্যের বলয় থেকে বেরিয়ে আসব।’ প্রস্তাবিত বাজেটের সমালোচনার জবাবে মতিয়া বলেন, ‘এই বাজেটে জনপ্রতি মাসে ব্যয় হবে ৭৫০ টাকা। তাহলে, এই বাজেটকে কীভাবে উচ্চাভিলাষী বলা হয়?’কৃষিমন্ত্রী বিএনপির বক্তব্যের কঠোর সমালোচনা করে বলেন, ‘বিএনপি বলুক, উন্নয়নের দরকার নেই। তারা তো দগদগে ঘা দেখিয়ে ভিক্ষা আনতেন। তাদের নীতি হলো, ঋণ আনো আর ঘি খাও।’‘মানি ইজ এ বিগ প্রবলেম ফর এ পুওর কান্ট্রি লাইক আংলাদেশ’ বলে মতিয়া বলেছেন, ‘যেখানে টাকা দরকার সেখানে আমরা টাকা দেই। এই যে যারা পাটের জিনম সিকোয়েন্সিং করল, তারা বিএনপির সময় দ্বারে দ্বারে ঘুরেছে। তত্ত্বাবধায়ক সরকারের সময়ও তারা ঘুরেছে। আমাদের কাছে আসতে আমরা এটাকে টেক আপ করেছি। তাই যাঁরা বলেন মানি ইজ নো প্রবলেম, তারা জনগণের সঙ্গে প্রতারণা করছেন।’এর আগে, বাজেট আলোচনায় অংশ নিয়ে বাণিজ্যমন্ত্রী ফারুক খান ‘সরকার দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পেরেছে’ দাবি করে বলেন, আগামী অর্থবছরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য যেন স্থিতিশীল থাকে, তার ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, গত অর্থবছরের চেয়ে চলতি অর্থবছরের রপ্তানি বেশি হয়েছে। আগামী অর্থবছরে আরও বেশি হবে।ফারুক খান বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সমালোচনা করে বলেন, খালেদা জিয়া সংসদকে অবজ্ঞা করে সংসদের বাইরে বাজেট প্রস্তাব দিয়েছেন।