লাগেজ খুলতেই দেখা গেল নারীর দুই পা কাটা লাশ
বাস কাউন্টারের সামনে বৈদ্যুতিক খুঁটির পাশেই পড়ে ছিল লাগেজটি। সকাল গড়িয়ে দুপুর হলেও লাগেজটি সেখানেই পড়ে থাকে। কোনো যাত্রী নিচ্ছিলেন না। একসময় খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ লাগেজ খুললে দেখা যায়, ভেতরে রয়েছে এক নারীর দুই পা কাটা লাশ।আজ শুক্রবার রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরে আবদুল্লাহপুরে একটি পরিবহনের কাউন্টারের সামনে লাগেজটি পড়ে ছিল। লাশ দেখে সেখানে উপস্থিত লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। পুলিশ লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।উত্তরা পশ্চিম থানার পুলিশ জানায়, ওই নারীর বয়স আনুমানিক ২৫ বছর। তাঁর পরনে ছিল গোলাপি রঙের কামিজ। তাঁর কোমরের নিচ থেকে দুই পা বিচ্ছিন্ন। দুই হাতে চুড়ি, এক হাতে মেহেদি। সারা শরীরে জখমের চিহ্ন রয়েছে।উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান প্রথম আলো ডটকমকে বলেন, লাগেজটি বড় ও চাকাবিশিষ্ট। ওই নারীর বিচ্ছিন্ন দুই পা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, দুই দিন আগে তাঁকে অজ্ঞাত দুর্বৃত্তরা হত্যা করে পা কেটে লাশ লাগেজে ভরে। গতকাল বৃহস্পতিবার রাতের কোনো এক সময় লাগেজটি সেখানে ফেলে রাখা হয়। লাগেজটি কোনো যাত্রীর ভেবে কেউ সন্দেহ করেনি। ঘটনার তদন্ত চলছে।