লাঙ্গলবন্দে বাসে ডাকাতি, আহত ৬, পাঁচ ডাকাত গ্রেপ্তার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লাঙ্গলবন্দ এলাকায় গতকাল সোমবার রাত একটার দিকে কুমিল্লাগামী একটি বাসে যাত্রীবেশী ডাকাতের হামলায় ছয়জন আহত হয়েছেন। ডাকাতেরা যাত্রীদের টাকা, মুঠোফোনসহ মূল্যবান সামগ্রী লুট করে। পরে পুলিশ পাঁচজন ডাকাতকে গ্রেপ্তার করে।আহত যাত্রীরা হলেন সিদ্দিকুর রহমান, অবিনাশ শীল, শামীম, আল-আমিন, সোহরাব ও সোহেল। গ্রেপ্তারকৃত ডাকাতেরা হলেন রাতুন, জামশেখ মোল্লা, সফিক, ইলিয়াস ও রায়তুল।যাত্রীরা জানান, ঢাকার সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে বাসটি ছাড়ার পর রাত ১২টার দিকে লাঙ্গলবন্দ এলাকায় পৌঁছালে যাত্রীবেশী ডাকাতেরা বাসটির নিয়ন্ত্রণ নেয় এবং অস্ত্রের মুখে ৩০ জন যাত্রীর কাছ থেকে মুঠোফোন, টাকাসহ দুই লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নেয়। যাত্রীরা চিৎকার করলে ডাকাতেরা ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে ওই ছয়জন আহত হয়। পরে তাদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।গজারিয়া হাইওয়ে পুলিশ ডাকাতির ঘটনা আঁচ করতে পেরে দাউদকান্দি হাইওয়ে পুলিশকে খবর দিলে তারা দাউদকান্দির গৌরীপুর এলাকায় বাসটির গতিরোধ করে পাঁচ ডাকাতকে হাতেনাতে ধরে ফেলে এবং যাত্রীদের কাছ থেকে ছিনিয়ে নেয়া কিছু মালামাল উদ্ধার করে। দাউদকান্দি হাইওয়ে পুলিশ সার্জেন্ট ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।