লাঞ্ছিতের ঘটনায় ওসিকে বরখাস্তের নির্দেশ
ফেনী সদরের সহকারী কমিশনারকে (ভূমি) লাঞ্ছিত করার ঘটনায় মডেল থানার তত্কালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দিনকে বরখাস্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বরাষ্ট্রসচিব ও পুলিশের মহাপরিদর্শকের প্রতি এ নির্দেশ দেওয়া হয়।আজ সোমবার বিকেলে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।একই সঙ্গে আদালত ওই ঘটনা তদন্তে আইনসচিবের নেতৃত্বে তিন সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করতে মন্ত্রিপরিষদ-সচিবকে নির্দেশ দেন। তথ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পদমর্যাদার নিচে নয়—এমন দুই কর্মকর্তাকে ওই কমিটিতে রাখতে বলা হয়েছে।কমিটিকে দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আগামী ১০ জুলাই পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।৩ মে ফেনীর মডেল থানার সামনে সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে সহকারী কমিশনার লাঞ্ছনার শিকার হন। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে ৭ মে হিউম্যান রাইটস ফর পিসের পক্ষ থেকে এক রিট আবেদন করা হয়।ওই দিনই প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেন। পাশাপাশি মডেল থানার ওসিসহ পুলিশের চার কর্মকর্তাকে এবং লাঞ্ছনার শিকার ওই কমিশনারকে হাইকোর্টে হাজির হতে বলা হয়। নির্দেশ অনুসারে আজ তাঁরা আদালতে হাজির হন।আদারতে রিট অবেদনকারীর পক্ষে আইনজীবী মনিজল মোরসেদ, পুলিশ কর্মকর্তাদের পক্ষে ছিলেন ইউসুফ হোসেন হুমায়ুন ও আবদুল মতিন খসরু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। সহকারী অ্যাটর্নি জেনারেল ইয়াদিয়া জামানও উপস্থিত ছিলেন।