লাঠি-বাঁশি, সড়কি হাতে রাত জেগে পাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জ উপজেলার তেঘরিয়া ইউনিয়নের বেয়াড়া গ্রামের পূর্বপাড়ায় ঢুকে সংযোগ সড়ক ধরে কিছুটা এগোতেই ত্রিপলঘেরা ছাউনিতে চোখ আটকায়। পাশেই ইট দিয়ে তৈরি চুলা। বাড়ি থাকতে ত্রিপলঘেরা এই ছাউনি কেন? জিজ্ঞেস করলে গ্রামের একিন মিয়া (৫০) ভয়ার্ত কণ্ঠে বলেন, ‘আরে এই ছাউনি তো এই পাড়ার সিকিউরিটি (নিরাপত্তা) ক্যাম্প।’মানে? একিন মিয়া বলেন, লাঠি-বাঁশি আর সড়কি হাতে পাড়ার যুবক-বাহিনী রাত জেগে পাহারা দেয়। রাত হলেই আতঙ্ক, কখন ডাকাত আসে। একিন মিয়া জানালেন, বেয়াড়া গ্রামের এই ক্যাম্পটির মতো আশপাশের ১০টি গ্রামে আরও ক্যাম্প আছে। প্রতিটি ক্যাম্পে ২০-২২ জনের শক্ত-সামর্থ্যবান যুবক নির্ঘুম রাত কাটান। একিন মিয়া খেদের সঙ্গে বললেন, এক মাসে ১০-১২টার বেশি ডাকাতি হয়েছে কয়েক গ্রামে। মানুষ রাত জেগে পাহারা দেবে না তো ঘুমিয়ে থাকবে? সরেজমিন ঘুরে জানা গেল, গত ১৬ ডিসেম্বর রাত দুইটার দিকে বেয়াড়া গ্রামের কুয়েতপ্রবাসী নুরুজ্জামানের দোতলা বাড়ির মূল ফটকের তালা ভেঙে সাত-আটজনের ডাকাতের দল ভেতরে ঢোকে। নিচতলায় নুরুজ্জামানের মা করসন বানুর কক্ষের দরজা ভেঙে ডাকাত দল ঢুকে পড়ে এবং তাঁর হাত-মুখ বেঁধে ফেলে। এরপর মোবাইল ফোনসেট, টাকা, স্বর্ণালংকার নিয়ে দোতলায় ওঠে ডাকাতের দল। নুরুজ্জামানের বড় ভাইয়ের শাশুড়ি ছিলেন দোতলার একটি কক্ষে। ডাকাত দল ওই কক্ষে ঢুকে এলোপাতাড়ি কোপাতে থাকে হাসিনা বেগমকে। মাথায় ও হাতে গুরুতর জখম নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এক হাতে রামদার কোপের জখম, আরেক হাত ভেঙে গেছে তাঁর। ওই কক্ষের আসবাব ভাঙচুর করে তারা মূল্যবান স্বর্ণালংকারও নিয়ে যায়। শেষমেশ বাড়ির মালিক নুরুজ্জামান মোবাইল ফোনে তাঁর বন্ধুদের খবর দিলে পাড়ার মসজিদে যখন ডাকাত পড়ার খবর প্রচার করা হয়, তখন কেটে পড়ে ডাকাত দল।ঘটনার আকস্মিকতায় নুরুজ্জামান হতবিহ্বল হয়ে যান। কারণ মাত্র দুই দিন আগে কুয়েত থেকে দেশে ফিরেছেন তিনি। পরদিন পুলিশ আসে, ঘটনা শোনে। কিন্তু ডাকাতির মামলা আর হয়নি। কারণ পুলিশ ঘটনাটিকে ডাকাতি বলে মানতেই রাজি হয়নি। রাগে-ক্ষোভে নুরুজ্জামান পুলিশের দ্বারস্থ না হওয়ার সিদ্ধান্ত নেন। নুরুজ্জামান বন্ধুবান্ধব, মহল্লা ও গ্রামবাসীর সঙ্গে কথা বলেন এ নিয়ে। যখন শোনেন আশপাশের বেশ কয়েকটি গ্রামেও ঘটছে এমন ঘটনা, তখন তাঁরা সিদ্ধান্ত নেন ডাকাত প্রতিরোধ করবেন নিজেরাই। কীভাবে? ঠিক হয়, গ্রামের যুবকেরা পালা করে সারা রাত জাগবে। তাঁদের হাতে থাকবে লাঠি। লাঠি জোগাড় হয় গ্রাম থেকেই। বাঁশি কেনা হয়, রামদা জোগাড় করা হয়। এমনকি সড়কিও সংগ্রহ করেন তাঁরা। এর আগে গ্রামের বিত্তবানদের কাছ থেকে যে যা পারেন ভিত্তিতে চাঁদার মাধ্যমে তহবিলও সংগ্রহ করা হয়। গ্রামে আটটি দলে বিভক্ত হয়ে ২০ ডিসেম্বর থেকে রাত জেগে পাহারা দেওয়া শুরু করেন তাঁরা। এ ঘটনা মুহূর্তে ছড়িয়ে পড়ে আশপাশ এলাকায়। ভুক্তভোগী অন্য গ্রামবাসীও এভাবে গ্রাম পাহারা দেওয়া শুরু করে। জানা গেল, পরে পুলিশ এসে যুক্ত হয় তাঁদের সঙ্গে।বেয়াড়া পূর্বপাড়ার মিন্টু মিয়া (২৫) জানালেন, গত রোববার রাত জেগে পাহারা দিয়েছেন তিনি। তাঁদের দলে ছিলেন ২০ জন। তিনি পাহারারত অবস্থায় দুবার পুলিশের ভ্রাম্যমাণ দল এসেছিল। রোববার রাতে পাহরার দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম (২৭) জানালেন, অমানুষিক খাটুনি যাচ্ছে তাঁদের। মিন্টু মিয়া বলেন, ‘দেখি কার কত শক্তি? ডাকাতের না জনগণের।’কেরানীগঞ্জের ইকুরিয়া, তেঘরিয়া, পশ্চিমদী, বাঘৈর, নয়াদ্দা, হাসনাবাদ, মিরেরবাগ, মনুরবাগ ও বক্তারচরে এখন এমন অসংখ্য মিন্টু আর জাহাঙ্গীর এভাবে রাত জাগেন। গ্রামের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পালাক্রমে লাঠি, বাঁশি, সড়কি হাতে তাঁরা খুঁজতে থাকেন ডাকাত দল।এলাকা ঘুরে জানা যায়, গত ১৩ ডিসেম্বর রাত আড়াইটার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন রামেরকান্দা এলাকার মো. আলম ও বাচ্চু মিয়ার বাড়িতে সশস্ত্র ডাকাত দল প্রবেশ করে। দুই বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে আনুমানিক পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে যায় তারা। এর আগে ১০ ডিসেম্বর রাত দুইটার দিকে ডাকাতেরা হামলা চালায় মুসলিমনগর এলাকার পল্লি চিকিত্সক আনিসুর রহমানের বাড়িতে। নগদ টাকা ও মালামাল নিয়ে বীরদর্পে চলে যায় তারা। অন্যদিকে ৯ ডিসেম্বর রাত তিনটায় বক্তারচর এলাকার জব্বার মাস্টারের বাড়িতে সশস্ত্র ডাকাতের দল হামলা চালায়। ডাকাতেরা জব্বার মাস্টারের ছেলে ইকবাল হোসেনের মাথায় গুরুতর আঘাত করে সাত-আট ভরি স্বর্ণালংকার ও নগদ ৭০ হাজার টাকা লুট করে। এরপর ১৪ ডিসেম্বর রাত দুইটার দিকে বাঘৈর বাগবাড়ি এলাকায় মোশাররফ মিয়ার বাড়িতে ১৫-২০ জনের সশস্ত্র ডাকাত দল হানা দেয়। অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে ডাকাতেরা ৫০ ভরি স্বর্ণালংকার, ২০ হাজার টাকা ও চারটি মোবাইল ফোনসেট লুট করে পালিয়ে যায়। যাওয়ার আগে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে ডাকাতেরা।এভাবে ডিসেম্বরের প্রথম দুই সপ্তাহে অন্তত ডজনখানেক ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানান তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুত্ফর রহমান। প্রথম আলোকে তিনি বলেন, ‘মানুষ ডাকাতের ভয়ে আতঙ্কগ্রস্ত ও অসহায়বোধ করছে। এ ব্যাপারে পুলিশ ও প্রশাসনের সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি’। তিনি আরও বলেন, লাঠি-বাঁশি নিয়ে সাধারণ মানুষ রুখে দাঁড়ানোর চেষ্টা করছে ঠিকই। কিন্তু ডাকাতদের অস্ত্রের সামনে নিরস্ত্র মানুষের নিরাপত্তা কতদিন নিশ্চিত থাকবে, তা নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে।ইকুরিয়া পূর্বপাড়ার বাসিন্দা ও শুভাড্যা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোখলেসুর রহমান বলেন, সাধারণ মানুষ নিরাপত্তার জন্য লাঠি-বাঁশি, সড়কি হাতে রাত জেগে পাহারা দিচ্ছে, এটা স্বাভাবিক পরিস্থিতি নয়। এ ঘটনা মানুষের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতার প্রমাণ। তিনি বলেন, এতগুলো ডাকাতির ঘটনা ঘটল কিন্তু পুলিশ কাউতে ধরতে পারল না, এটি মানা যায় না।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিলোত্পল দে ডাকাতির কথা স্বীকার করতেই নারাজ। তিনি বলেন, এটা ঠিক, বেশ কয়েকটি গ্রামে পরপর কয়েকটি চুরির বড় ঘটনা ঘটেছে। পুলিশ এ ব্যাপারে সতর্ক আছে। আর সাধারণ মানুষের সঙ্গে পুলিশও রাত জেগে ডাকাত প্রতিরোধে এলাকা পাহারা দিচ্ছে।কেরানীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নূর আহমেদ প্রথম আলোকে বলেন, ডিসেম্বরে বেশ কিছু ঘটনায় কেরানীগঞ্জের পুলিশকে অধিকতর সতর্ক করা হয়েছে। পুলিশি টহল জোরদার করা হয়েছে। পুলিশ সব দিকে কড়া নজরদারি রাখছে। ডাকাতি হয়ে থাকলে ভবিষ্যতে আর যাতে না হয়, সে ব্যাপারে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।