লাঠি হাতে থাকবে ৮০০ পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড-ফৌজদারহাট অংশে বর্তমানে ২৪ ঘণ্টায় প্রায় ৩০ হাজার যানবাহন চলাচল করে। পাঁচ বছর আগে এই গাড়ির সংখ্যা ছিল ১৫-১৬ হাজার। পাঁচ বছরের ব্যবধানে গাড়ির সংখ্যা প্রায় দ্বিগুণ হলেও রাস্তার প্রশস্ততা সে অনুপাতে বাড়েনি।এসব কারণেই এখন ঢাকা-চট্টগ্রাম সড়ক পাড়ি দিতে যাত্রীদের সময় লাগছে ১২ থেকে ১৮ ঘণ্টা। ঈদে এই সময় আরও বাড়বে। অথচ ঢাকা থেকে চট্টগ্রাম যেতে পাঁচ থেকে ছয় ঘণ্টার বেশি সময় লাগার কথা নয়।ফলে আসন্ন ঈদে ঘরমুখো যাত্রীদের এ কারণে যানজটের বিড়ম্বনায় পড়তে হবে—এটা এক প্রকার ভবিতব্যই হয়ে গেছে। পুলিশ প্রশাসন এ নিয়ে চিন্তিত। তাই এই মহাসড়কের দাউদকান্দি থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত ১৯২ কিলোমিটার অংশে প্রায় ৮০০ পুলিশ মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য মহাসড়কের এই অংশকে ১০টি ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি ভাগে একজন অতিরিক্ত পুলিশ সুপার অথবা সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে ৮০ জন করে পুলিশ মোতায়েন থাকবে। সব পুলিশের হাতে থাকবে লাঠি। রাস্তায় চলাচলকারী কোনো গাড়ি লাইন ভেঙে ওভারটেক করতে চাইলে লাঠি দিয়ে তা নিয়ন্ত্রণ করা হবে। একই সঙ্গে ফিটনেস, রুট পারমিটসহ বৈধ কাগজপত্রহীন গাড়ি আটক করবে তারা।জানা গেছে, গত সোমবার ঢাকায় পুলিশের মহাপরিদর্শক (আইজি) নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের নির্দেশনামতো চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজির) দপ্তর থেকে জারি করা নির্দেশনার পরিপ্রেক্ষিতে এসব ব্যবস্থা নেওয়া হয়। ঈদের সরকারি ছুটি শুরুর আগের সপ্তাহ থেকে মহাসড়কে লাঠি হাতে পুলিশের এই তত্পরতা শুরু হবে বলে জানা গেছে। সূত্রমতে, মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা থেকে শুরু করে চৌদ্দগ্রাম পর্যন্ত অংশকে চারটি, ফেনী অংশকে দুটি এবং চট্টগ্রাম জেলায় বারৈয়ার হাট থেকে নগরের সিটি গেট পর্যন্ত অংশকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে আটক কিংবা বিকল গাড়ি দ্রুত মহাসড়ক থেকে সরিয়ে নিতে প্রস্তুত রাখা হবে রেকার।