লাঠি হাতে প্রতিহত করব উগ্রপন্থী সন্ত্রাসীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা ঘরে বসে থাকব না। এই লাঠি হাতে প্রতিহত করব উগ্রপন্থী সন্ত্রাসীদের।’ গতকাল মঙ্গলবারের প্রতীকী লাঠি মিছিলের পর অনুষ্ঠিত সমাবেশে এ কথা বলেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। ৬ এপ্রিল গণজাগরণ মঞ্চে হামলার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। মিছিলটি বিকেল পাঁচটায় শাহবাগ থেকে শুরু হয়ে পল্টন হয়ে শাহবাগে ফিরে আসে। মুখপাত্র ইমরান এইচ সরকারসহ গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা ব্লগার ও বাম ছাত্রসংগঠনগুলোর নেতারা লাঠি মিছিলে নেতৃত্ব দেন। তবে ছাত্রলীগের নেতাদের দেখা যায়নি। মিছিলের সামনের সারিতে ছিলেন নারীরা। সবার হাতে ছিল বাঁশের লাঠি। মিছিল শেষে প্রজন্ম চত্বরে অনুষ্ঠিত সমাবেশে ইমরান বলেন, ‘আমরা সব সময় শান্তির পক্ষে। শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধানের কথা বলে আসছি। কিন্তু একটি পক্ষ বারবার উসকানির মাধ্যমে সে প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।’ গণজাগরণ মঞ্চের মুখপাত্র সতর্ক করে দিয়ে বলেন, ‘প্রতীকী এই লাঠি মিছিল করে তাদের জানিয়ে দিতে চাই, আমরা ঘরে বসে থাকব না। এই লাঠি হাতে প্রতিহত করব উগ্রপন্থী সন্ত্রাসীদের।’ তিনি বলেন, ‘তাদের ১৩ দফা দাবি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। মানুষ এই দাবি মেনে নেবে না। তালেবানি রাষ্ট্র বানাতে তাদের স্বপ্ন বাংলাদেশের তরুণ সমাজ বাস্তবায়ন করতে দেবে না।’ইমরান আজ বুধবার সন্ধ্যায় ‘বুকপকেটের চিঠি’ কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। এতে শহীদদের উদ্দেশে নতুন প্রজন্মের লেখা চিঠি পাঠ করা হবে। তিনি পয়লা বৈশাখের দিন সকালে গণজাগরণ মঞ্চে বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিকেলের মহাসমাবেশে যোগ দেওয়ারও আহ্বান জানান।