লাতিন আমেরিকার নেতাদের দেহে ক্যানসার ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র!
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ, ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভা ও বর্তমান প্রেসিডেন্ট দিলমা রৌসেফ, প্যারাগুয়ের ফার্নান্দো লুগো এবং সর্বশেষ আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনার—লাতিন আমেরিকার বামপন্থী এই নেতাদের সবাই ক্যানসারে আক্রান্ত। আর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ এই ধারাবাহিক ক্যানসারের ঘটনায় পেয়েছেন মার্কিন ষড়যন্ত্রের গন্ধ।হুগো চাভেজ গতকাল বুধবার অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র সম্ভবত লাতিন আমেরিকার নেতাদের ক্যানসার দেওয়ার একটি পন্থা আবিষ্কার করেছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা সরকারের মুখপাত্র জানান, দেশটির প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজের গলগ্রন্থির (থাইরয়েড) ক্যানসার ধরা পড়েছে। আগামী ৪ জানুয়ারি তাঁর অস্ত্রোপচার করা হবে। এই খবরের পরই গতকাল বুধবার ভেনেজুয়েলার একটি সামরিক ঘাঁটিতে সেনাদের উদ্দেশে টেলিভিশনে দেওয়া এক ভাষণে চাভেজ এমন অভিযোগ করেন। চাভেজ নিজেও ক্যানসারে আক্রান্ত। চিকিত্সার জন্য তিনি কয়েক দফা কিউবা গিয়েছিলেন। তিনি দাবি করেন, তিনি অহেতুক কোনো অভিযোগ করছেন না।লাতিন আমেরিকার বামপন্থী নেতাদের মধ্যে ক্যানসার ছড়িয়ে দেওয়ার সম্ভাব্য মার্কিন ষড়যন্ত্র সম্পর্কে চাভেজ বলেন, ‘তারা যদি ক্যানসার ছড়িয়ে দিতে একটি প্রযুক্তি আবিষ্কার করে, তবে তা কোনো বিস্ময়ের বিষয় হবে না। এটা সম্পর্কে এখন পর্যন্ত কেউই জানেন না। এমনকি আমিও না। আমি কেবল এটা নিয়ে ভাবছি।’চাভেজ বলেন, ‘তবে এটা খুবই, খুবই বিস্ময়কর ব্যাপার। এটা ব্যাখ্যা করা এবং এর কারণ বের করা খুবই কঠিন।’ এ প্রসঙ্গে চাভেজ বলেন, ‘এ অঞ্চলের অন্য নেতাদেরও সাবধান থাকা উচিত।’ অন্য নেতাদের মধ্যে বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মেরালেসও আছেন। চাভেজ বলেন, ‘আমাদের উচিত ইভোর ভালো যত্ন নেওয়া। যত্ন নিয়ো ইভো।’কিউবার নেতা ফিদেল কাস্ত্রোর উদ্ধৃতির বরাত দিয়ে চাভেজ বলেন, ‘ফিদেল আমাকে সব সময়ই বলেন, চাভেজ যত্ন নিয়ো। এই মানুষগুলো (যুক্তরাষ্ট্র) একটি প্রযুক্তি আবিষ্কার করেছে। তুমি খুবই উদাসীন। তোমার খাওয়া-দাওয়ার ব্যাপারে তুমি সচেতন থেকো।’রাশিয়ার সাম্প্রতিক পার্লামেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে ওয়াশিংটন ও তাদের ইউরোপীয় মিত্রদের ভূমিকার সমালোচনা করেন চাভেজ। তিনি অভিযোগ করেন, ভেনেজুয়েলায় অক্টোবরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচন নিয়েও এই গোষ্ঠী একই ধরনের পরিকল্পনা করছে। রয়টার্স।