লাতিন নেতাদের শরীরে ক্যানসার ছড়ায়নি যুক্তরাষ্ট্র!
যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকার নেতাদের শরীরে ক্যানসার ছড়াচ্ছে—ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে মার্কিন প্রশাসন। দেশটির পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড এ ধরনের অভিযোগকে ‘ভয়ংকর ও তিরস্কারযোগ্য’ বলে মন্তব্য করেছেন। বিষয়টি নিয়ে এর চেয়ে বেশি মন্তব্য করতে চাননি ওই মুখপাত্র।বিবিসি অনলাইনের খবরে আজ শুক্রবার এ কথা বলা হয়েছে। এর আগে গত বুধবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ বলেছিলেন, লাতিন আমেরিকার নেতারা একে একে ক্যানসারে আক্রান্ত হচ্ছে। যুক্তরাষ্ট্র সম্ভবত লাতিন আমেরিকার নেতাদের শরীরে ক্যানসার ছড়ানোর কোনো পন্থা আবিষ্কার করেছে। ভেনেজুয়েলার একটি সামরিক ঘাঁটিতে সেনাদের উদ্দেশে টেলিভিশনে ভাষণ দেওয়ার সময় তিনি এ অভিযোগ করেন।ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ, ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভা ও বর্তমান প্রেসিডেন্ট দিলমা রৌসেফ, প্যারাগুয়ের ফার্নান্দো লুগো এবং সর্বশেষ আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনার—লাতিন আমেরিকার বামপন্থী এই নেতাদের সবাই ক্যানসারে আক্রান্ত। আর এ বিষয়টিই চাভেজকে ভাবিয়ে তুলেছে। ৫৭ বছর বয়সী চাভেজ ক্যানসারে আক্রান্ত। চিকিত্সার জন্য তিনি কয়েক দফা কিউবা গিয়েছিলেন। তিনি দাবি করেন, তিনি অহেতুক কোনো অভিযোগ করছেন না। লাতিন আমেরিকার বামপন্থী নেতাদের মধ্যে ক্যানসার ছড়িয়ে দেওয়ার সম্ভাব্য মার্কিন ষড়যন্ত্র সম্পর্কে তিনি বলেন, ‘তারা যদি ক্যানসার ছড়িয়ে দিতে একটি প্রযুক্তি আবিষ্কার করে, তবে তাতে বিস্মিত হওয়ার কিছু নেই। এর কারণ বের করা খুবই কঠিন।’