লাদেন পরিবারের টানাপোড়েনে ইরান-সৌদি সম্পর্কে নতুন দ্বন্দ্ব
একটি পরিবারের টানাপোড়েনে কেবল মা-মেয়ের চাওয়া-পাওয়ার দ্বন্দ্বই বাইরে আসেনি, সামনে এনেছে বাবা ও তাঁর ছেলের চিন্তার পার্থক্যও। আর ওই পরিবারের টানাপোড়েন প্রভাব ফেলেছে ইরান ও সৌদি আরবের সম্পর্কেও।বিশ্বের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী ওসামা বিন লাদেনের পরিবারকে ঘিরেই এই টানাপোড়েন। সম্প্রতি তাঁর ১৮ বছর বয়সী মেয়ে ইমান বিন লাদেন পালিয়ে সৌদি দূতাবাসে আশ্রয় নেন। ইমান সৌদি আরবের জেদ্দায় বড় ভাই আবদুল্লাহ বিন লাদেনের কাছে যেতে চেয়েছিলেন। কিন্তু বাদ সাধেন মা নাজওয়াহ। ইরানি কর্তৃপক্ষের কাছে মায়ের অনুরোধ, মেয়েকে দামেস্কে পাঠানো হোক। ওসামা বিন লাদেনের সঙ্গে বিচ্ছেদের পর নয় বছর ধরে নাজওয়াহ সিরিয়ার রাজধানী দামেস্কে আছেন।সৌদি সরকার ইমানের জেদ্দায় যাওয়ার অনুমতি দিতে ইরানি কর্তৃপক্ষকে অনুরোধ করেছে। আর মেয়ের মায়ের কথা শুনতে ইরানকে অনুরোধ করেছে সিরিয়া সরকার। ইরান সরকারের প্রতি একই অনুরোধ ইমানের আরেক ভাই ওমর বিন লাদেনেরও। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানচেহের মোত্তাকি তেহরানে বলেছেন, সৌদি সরকার চায়, ইমানকে জেদ্দা যেতে দেওয়া হোক। আর মা তাঁকে দামেস্কে ফিরে পেতে চান। বিষয়টি নিয়ে তেহরান এখন সমস্যায় পড়েছে। তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে ভিয়েনা সমঝোতা অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।’ তেহরান বর্তমান এই বিতর্কের কোনো অংশ হবে না বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন। শিগগিরই তেহরান আন্তর্জাতিক আইনের আলোকে ১৮ বছর বয়সী একজন তরুণীর ইচ্ছা অনুযায়ী সিদ্ধান্ত নেবে।২০০১ সালে ইমান কয়েকটি পরিবারের সঙ্গে আফগানিস্তান থেকে অবৈধভাবে ইরানে ঢোকেন। সে সময় তাঁর বয়স ছিল মাত্র নয় বছর। ভাই সাদ (বর্তমান বয়স ২৯ বছর), ওসমান (২৫), হামজা (২০), বকর (১৫), বোন ফাতিমা (২২), সত্ মা উম্মে হামজার সঙ্গে তিনি ইরানি কর্তৃপক্ষের হাতে ধরা পড়েন। ইরানি নিরাপত্তা বাহিনীর পাহারায় পরিবারটি তেহরানের উপকণ্ঠে একটি ঘরে বন্দী থাকে। ২০০৮ সালে সাদ বিন লাদেন পালিয়ে আফগানিস্তানে ফিরে ফের যোগ দেন আল-কায়েদায়। কয়েক সপ্তাহ আগে ইমান কেনাকাটার জন্য বাজারে যান। সেখানে ইরানি নিরাপত্তা বাহিনীকে ফাঁকি দিয়ে তিনি ফোনে জেদ্দায় ভাই আবদুল্লাহর সঙ্গে যোগাযোগ করেন। ইরান থেকে পালানোর জন্য সহযোগিতাও চান। আবদুল্লাহর পরামর্শ ছিল, তিনি যেন ইরানে সৌদি দূতাবাসে আশ্রয় নেন। সেই থেকেই শুরু এই বিতর্কের।আশ্রয় নেওয়ার বিষয়টি জানতে পেরে ইরান সৌদি আরবকে জানিয়ে দেয়, অনুমতি ছাড়া ইমান ইরান ত্যাগ করতে পারবেন না। দামেস্ক থেকে মা অনেকবারই মেয়ের সঙ্গে যোগাযোগ করেছেন। সিরিয়ায় বসবাসের জন্য তিনি প্রস্তাবও দেন। কিন্তু সৌদি কর্তৃপক্ষের দাবি, ইমান জেদ্দাতেই যেতে চান। সেখানে তাঁর ভাই আবদুল্লাহ ফামি নামে একটি বিজ্ঞাপনী সংস্থা পরিচালনা করেন।ইমানের এক ভাই ওমর এখন কাতারে। নাইন-ইলেভেনের কয়েক মাস আগে আল-কায়েদার যোদ্ধা হওয়ার প্রস্তাব নাকচ করে দেন তিনি। এরপর থেকেই তিনি আলাদা। ২০০১ সালের ৯ সেপ্টেম্বর তিনি মা নাজওয়াহর সঙ্গে আফগানিস্তান ত্যাগ করেন। এর কয়েক বছর পর ব্রিটিশ মেয়ে জেন ফেলিস্কের (বর্তমানে জানিয়া) সঙ্গে তাঁর বিয়ে হয়। দুই সপ্তাহ আগে তেহরানে ছোট ভাই বকরের সঙ্গে যোগাযোগ হয় ওমরের। তিনি ভাইকে দামেস্ক যাওয়ার জন্য বোঝান। কয়েক দিন আগে বকর তেহরান থেকে নিরাপদে দামেস্কে পৌঁছান। এখন বোনকেও সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি।ওসামা বিন লাদেন সুদান থেকে আফগানিস্তানে গেলে বাবার সঙ্গে বিচ্ছেদ ঘটে আবদুল্লাহর। সেটা ১৯৯৬ সালের কথা। আবদুল্লাহ কখনোই বাবাকে প্রকাশ্যে অভিযুক্ত করেননি। কিন্তু বিগত দিনে ওমর অনেকবারই বাবাকে অভিযুক্ত করেছেন। আবদুল্লাহ, ওমর, ইমান ও অপর আট ভাই-বোন নাজওয়াহর সন্তান। তিনি ওসামা বিন লাদেনের প্রথম স্ত্রী। ১৯৭৪ সালে ওসামার সঙ্গে তাঁর বিয়ে হয়। জানা যায়, বিন লাদেন পরিবারের কমপক্ষে ২৮ সদস্য ইরানে বসবাস করছে। তাদের মধ্যে ওসামার ১১ নাতি-নাতনিও রয়েছে। ওসামার চার স্ত্রীর মোট ২৬ সন্তান। ২০০১ সালে আফগানিস্তানে তালেবান সরকারের পতনের পর ওসামার স্ত্রী ও সন্তানেরা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। নাজওয়াহ এখন সিরিয়ায়, উম্মে হামজা ইরানে এবং অপর দুই স্ত্রী আফগানিস্তানে লুকিয়ে আছেন। সূত্রমতে, কেবল দুই ছেলে মুহাম্মদ ও আবদুল রেহমান বাবার সঙ্গে আছেন। আর গত নয় বছর বাকি সন্তানেরা তাদের বাবাকে দেখতে পায়নি।বিগত দিনগুলোতে ইরান সরকার আল-কায়েদাকে দোষারোপ করে আসছে। সৌদি দূতাবাসে ইমানের আশ্রয় নেওয়ার আগ পর্যন্ত ইরানে বিন লাদেনের পরিবারের উপস্থিতি সম্পর্কে তেহরান পুরোপুরি চুপ ছিল।