লাদেন সম্পর্কে সিআইএকে তথ্য দেওয়ায় পাঁচজন গ্রেপ্তার
সিআইএকে ওসামা বিন লাদেনের ব্যাপারে তথ্য দেওয়ার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই।নিউইয়র্ক টাইমসের প্রকাশিত এক খবরে এ তথ্য জানানো হয়েছে।জানা গেছে, সিআইএ এই সংবাদদাতাদের খবরের ভিত্তিতে পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে হামলা চালিয়ে ওসামা বিন লাদেনকে হত্যা করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন সিআইএকে অ্যাবোটাবাদে বাড়ি ভাড়া দিয়েছিলেন বলে জানা গেছে।নিউইয়র্ক টাইমসের এই খবরটি অস্বীকার করেছে পাকিস্তান। বিশেষ করে পাকিস্তানের সেনাবাহিনীর এক মেজরের গ্রেপ্তারের বিষয়টি।মে মাসে অ্যাবোটাবাদে হামলার পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের মধ্যে চিড় ধরেছে।এদিকে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তরের মুখপাত্র ব্রিগেডিয়ার আজমত আব্বাস বলেছেন, ‘পাকিস্তান সেনাবাহিনীর কোনো সৈন্যকেই গ্রেপ্তার করা হয়নি। তবে সিআইএকে সহযোগিতার জন্য কিছু মানুষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’আজমত আব্বাস আরও বলেন, ‘লাদেন যে বাড়িতে থাকতেন, সেই বাড়ির কাছাকাছি একটি বাড়ি থেকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের সন্দেহ, তাঁরা সিআইএর পক্ষে কাজ করেছেন।’ তাঁদের মধ্যে যাঁরা লাদেনের বাড়িতে যাতায়াত করতেন, যাঁরা আলো জ্বালিয়ে মার্কিন হেলিকপ্টার নামতে সাহায্য করেছেন এবং যাঁরা হেলিকপ্টারে তেল ভরতে সাহায্য করেছেন, তাঁদেরও গ্রেপ্তার করা হয়েছে। শিগগিরই তাঁদের আদালতে হাজির করা হবে বলে জানা গেছে। বিবিসি অনলাইন।