লাদেন হত্যাকাণ্ডের বৈধতা নিয়ে তাঁর ছেলেদের প্রশ্ন
বিন লাদেনের হত্যাকাণ্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁর ছেলেরা। লাদেনকে কেন গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করা হলো না, এ বিষয়ে জাতিসংঘের কাছে তদন্তও চেয়েছেন তাঁরা।নিউইয়র্ক টাইমসের কাছে লেখা এক যৌথ চিঠিতে তাঁরা লিখেছেন, তাঁরা জানতে চান, কেন একজন নিরস্ত্র মানুষকে গ্রেপ্তার করা হলো না এবং বিচারের মাধ্যমে সত্য প্রকাশ হলো না, যা সারা পৃথিবীর মানুষ জানতে পারত। হঠকারী হত্যাকাণ্ড রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারে না বলেও মন্তব্য করেছেন তাঁরা।এই চিঠিতে স্বাক্ষর করেন লাদেনের ৩০ বছর বয়স্ক ছেলে ওমর বিন লাদেন। তিনি তাঁর বাবার সঙ্গে সুদান ও আফগানিস্তানে ছিলেন। কিন্তু লাদেনের নিরীহ মানুষকে হত্যা করার নীতি জনসমক্ষে প্রত্যাখ্যান করেছেন তিনি।এদিকে পাকিস্তানে আটক বিন লাদেনের তিন স্ত্রী ও ছেলেমেয়েদের ফেরত পাঠানোর দাবি করেছেন তাঁর পরিবারের সদস্যরা।চিঠিতে আরও বলা হয়েছে, তাঁরা যদি ওবামা প্রশাসন থেকে সদুত্তর না পান, তাহলে তাঁরা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ও ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের দ্বারস্থ হবেন।এদিকে আল-কায়েদা এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে, ওসামাকে হত্যা করে তারা ‘মহাভুল’ ও ‘মহাপাপ’ করেছে। তাদের এই বিবৃতি সংগঠনের আল-ফজর অনলাইনে প্রকাশ করা হয়েছে।বিবৃতিতে তারা বলেছে, যুক্তরাষ্ট্রের জনগণকে এর জন্য উচ্চমূল্য দিতে হবে। প্রেসিডেন্ট ওবামা সেনাবাহিনীর নিরাপত্তা বলয়ের মধ্যে থাকেন। কিন্তু আমেরিকার জনগণকে আমাদের হামলা থেকে রক্ষা করবে কে? দ্য গার্ডিয়ান, এপি।