লাদেন হত্যার গোপন মডেল!
ওসামা বিন লাদেনকে হত্যা করার জন্য যুক্তরাষ্ট্র যে কত গভীর পরিকল্পনা সাজিয়েছিল, তা উন্মোচিত হয়েছে পেন্টাগনের এক প্রদর্শনীর মাধ্যমে। পাকিস্তানের অ্যাবোটাবাদে যে বাড়িতে অভিযান চালিয়ে মার্কিন কমান্ডোরা লাদেনকে হত্যা করেছিল, সেই বাড়ির একটি হুবহু মডেল আগেই নির্মিত হয়েছিল পেন্টাগনে। এত দিন লোকচক্ষুর আড়ালে থাকা অতি গোপনীয় এই মডেলটি সম্প্রতি প্রদর্শন করেছে যুক্তরাষ্ট্র।অ্যাবোটাবাদের সেই বাড়িটিতে সফল অভিযান চালানোর জন্য এই মডেলটি বানিয়েছিল পেন্টাগন। ছয় সপ্তাহ সময় নিয়ে বানানো এই মডেলটি এতই নিখুঁত হয়েছিল যে ওই বাড়ির পাশে যে লাল ভ্যানটিকে মাঝেমধ্যে দেখা যেত, সেই ভ্যানটিও মডেল থেকে বাদ যায়নি। বাড়ি-সংলগ্ন গাছপালা, ঝোপঝাড়, দরজা, বেড়া ইত্যাদি সবকিছুরই নিখুঁত প্রতিস্থাপন করা হয়েছিল লাদেন হত্যার এই গোপন মডেলটিতে। সবকিছুর অবস্থান জানার জন্য যুক্তরাষ্ট্র ব্যবহার করেছিল স্যাটেলাইট ও ড্রোন থেকে তোলা ছবি।এই মডেলটিকেই লাদেন হত্যার সফল পরিকল্পনার মূলে স্থান দিয়েছেন যুক্তরাষ্ট্রের এই কমান্ডো অভিযানের সঙ্গে যুক্ত একজন কর্মকর্তা। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘ওসামা বিন লাদেনকে হত্যার পরিকল্পনা সফল করার পেছনে এই হুবহু মডেলটি একটা ভালো ভূমিকা পালন করেছে।’ বাস্তবে অভিযানটি চালানোর প্রায় এক মাস আগে তৈরি করা হয় এই মডেলটি।শুধু মডেল পর্যবেক্ষণই না, মূল অভিযান চালানোর আগে অ্যাবোটাবাদের সেই বাড়িটির মতো বাস্তব একটা মডেলও গড়েছিল যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের বাগরাম এয়ার বেইসে প্রায় এক একর জায়গার ওপর তৈরি করা হয়েছিল সেই সত্যিকারের মডেলটি।বাস্তবে ২০০৪ সালে নির্মাণ করা হয়েছিল লাদেনের শেষ আশ্রয়স্থল, পাকিস্তানের অ্যাবোটাবাদের সেই বাড়িটি। আশপাশের অন্য বাড়িগুলোর তুলনায় তিন তলার এই বাড়িটি প্রায় আট গুণ বড় জায়গার ওপর নির্মাণ করা হয়েছিল। এ ছাড়া বাড়ি-সংলগ্ন পুরো এলাকাটি ঘেরা ছিল ১২ থেকে ১৮ ফুট উঁচু দেয়াল দিয়ে।—ডেইলি মেইল অবলম্বনে