লাদেন হত্যার পূর্ণাঙ্গ ঘটনা ও ছবি প্রকাশ না করায় নানা প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন অভিযানে আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে হত্যার সঠিক ও পূর্ণাঙ্গ ঘটনা প্রকাশের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। মার্কিন প্রশাসন নিহত ওসামার ছবি প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে। প্রেসিডেন্ট বারাক ওবামা নিজেই এ ঘোষণা দিয়েছেন। কিন্তু ছবি প্রকাশ করা ছাড়া ওসামার নিহত হওয়ার বিষয়টি বিশ্বের সামনে প্রমাণ করা যাবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান নভি পিল্লাই গতকাল বৃহস্পতিবার নরওয়ের রাজধানী অসলোতে সাংবাদিকদের বলেন, ওসামাকে হত্যার বৈধতা নিশ্চিত করতেই ওই ঘটনার সঠিক ও পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করতে হবে। তিনি বলেন, ‘আমি নিজেই প্রকৃত ঘটনা জানার জন্য অপেক্ষা করছি। আমার মনে হয়, শুধু আমার কার্যালয় নয়, এ বিষয়ে যে কারও বিস্তারিত ও সঠিক তথ্য জানার অধিকার আছে।’ তিনি আরও বলেন, ‘জাতিসংঘ সন্ত্রাসবাদের নিন্দা জানায়। কিন্তু সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রম কীভাবে চলবে তারও কিছু মৌলিক নীতি রয়েছে। আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সন্ত্রাসবিরোধী কার্যক্রম বৈধ হতে হবে।’ তিনি বলেন, আন্তর্জাতিক আইন কাউকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা নির্যাতন করার অনুমোদন দেয় না।এদিকে নিহত ওসামার ছবি প্রকাশ না করায় তিনি আসলেই মারা গেছেন কি না, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। টেম্পল বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ও মার্কিন সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ফেয়ারলে বলেন, বর্তমান সময়ে কোনো কিছুর ওপর আস্থা খুব কম সময়ের জন্যই হয়। সরকার বা কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই সম্ভাবনা আরও বেশি। আর ওসামাকে হত্যার মতো ঘটনা এবং তা নিয়ে সরকারের বিবৃতি সময়ের সঙ্গে পরিবর্তিত হলে প্রশ্ন তো উঠবেই।ওয়ান-ইলেভেনের পর থেকে ওসামা কোথায় আছেন তা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন স্থানের নাম শোনা গেছে। তিনি আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের কোথাও লুকিয়ে আছেন, ইরাকে ঘনিষ্ঠ সহযোগীর সঙ্গে তাঁকে গাড়িতে দেখা গেছে, কোনো স্থানে তীব্র শীতে টিকতে না পেরে ওসামার মৃত্যু হয়েছে, সার্জারি করে নিজের চেহারায় পরিবর্তন এনে লন্ডনে অবস্থান করছেন ওসামা—এমন অনেক তথ্যই শোনা যায়। তাই নিহত ওসামার ছবি প্রকাশ না করা হলে তাঁর মৃত্যু নিয়ে প্রশ্ন থেকেই যাবে বলে মনে করেন বিশ্লেষকেরা।হত্যা ‘ন্যায়বিচার’ নয়: নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) নির্বাহী পরিচালক কেনেথ রোথ ওসামার হত্যার ঘটনাকে ‘ন্যায়বিচার’ নয় বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে এ ঘটনায় জাতিসংঘের মহাসচিব বান কি মুনের বক্তব্যেরও সমালোচনা করেছেন তিনি। বান কি মুন ওসামা হত্যার ঘটনাকে ‘ন্যায়বিচার’ বলে অভিহিত করেন।এইচআরডব্লিউর নির্বাহী পরিচালক বলেন, ওসামাকে হত্যা করা যদি যুক্তিসংগতও হয়, তার পরও কোনো বিচার না করে হত্যার ঘটনা অবশ্যই ‘ন্যায়বিচার’ নয়।গত বুধবার অবশ্য হিউম্যান রাইটস ওয়াচের এক বিবৃতিতে বলা হয়, ওসামা হত্যাকাণ্ড আইনসংগত হয়েছে কি না, সেই সিদ্ধান্তে পৌঁছার মতো পর্যাপ্ত তথ্য তাদের কাছে নেই। এ ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করতে মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানায় তারা। তিন ব্যক্তির ছবি প্রকাশ: এদিকে ওসামা হত্যার অভিযানে নিহত অপর তিন ব্যক্তির ছবি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। অভিযানের পর সোমবার রাতে পকিস্তানের নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা পাকিস্তানের অ্যাবোটাবাদের ওই বাড়িতে ঢোকেন। তিনিই ছবিগুলো রয়টার্সের কাছে বিক্রি করেন।ছবিতে নিহত তিনজনের মধ্যে দুজনের পরনে পাকিস্তানের ঐতিহ্যবাহী পোশাক দেখা যায়। তাঁদের কারও চেহারার সঙ্গে ওসামা বিন লাদেনের চেহারার মিল খুঁজে পাওয়া যায়নি। এএফপি, ওয়াশিংটন টাইমস, রয়টার্স ও এপি অনলাইন।