লাদেনকে জীবিত দেখতে চেয়েছিলেন ওবামা!
মার্কিন নেভি সিলসের অভিযানে নিহত ওসামা বিন লাদেনকে জীবিত অবস্থায় দেখতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। আল-কায়েদার সাবেক প্রধানকে বিচারের সম্মুখীন করতেই এমনটি চেয়েছিলেন ওবামা। প্রখ্যাত মার্কিন সাংবাদিক মার্ক বাউডেনের লেখা ‘দ্য ফিনিশ’ নামের এক বইয়ে এ তথ্য প্রকাশিত হয়েছে। বইয়ে বলা হয়েছে, লাদেনকে কাঠগড়ায় দাঁড়িয়ে আত্মপক্ষ সমর্থন কিংবা তাঁর পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়ারও পক্ষে ছিলেন ওবামা। তিনি (ওবামা) মনে করেছিলেন, এর মাধ্যমে বিশ্বের কাছে প্রমাণিত হবে, যুক্তরাষ্ট্র সঠিক পন্থায় লাদেনের বিচার সম্পন্ন করেছে। ‘ডেইলি মেইল’-এর খবরে বলা হয়, চলতি মাসের ১৬ তারিখে প্রকাশিতব্য ‘দ্য ফিনিশ’-এর একটি কপি সংগ্রহ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপি। এ থেকেই ওসামা সম্বন্ধে ওবামার অবস্থানের বিষয়টি জানা গেছে। বইয়ে বাউডেন ওবামার এক সাক্ষাত্কারের উদ্ধৃতি দেন। ওই সাক্ষাত্কারে ওবামা বলেছিলেন, ‘আমার বিশ্বাস, যদি আমরা তাকে (লাদেন) ধরতে (জীবিত অবস্থায়) পারতাম, তাহলে আমার রাজনৈতিক অবস্থান হতো যথাযথ প্রক্রিয়ায় মাধ্যমে তার বিচার সম্পন্ন করা।’ তিনি বলেছিলেন, ‘আল-কায়েদার বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় অস্ত্র আইনের শাসনের প্রতিষ্ঠায়। এর মাধ্যমেই আমি তাকে “শহীদ” পরিচয় থেকে বের করে আনতে চেয়েছিলাম।’ ওবামার উদ্ধৃতি দিয়ে বইয়ে আরও বলা হয়, সন্ত্রাসীদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া ন্যায়বিচার প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিরই অংশ। অপরাধী যত খারাপই হোক না কেন, যুক্তরাষ্ট্র তাকে এ সুযোগটি দিতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রসঙ্গত, গত বছরের ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে অভিযান চালিয়ে হত্যা করা হয় ওসামা বিন লাদেনকে। হত্যার পর যুক্তরাষ্ট্র স্বস্তির নিঃশ্বাস ফেললেও এ নিয়ে সমালোচনা হয়েছে বিভিন্ন মহলে। সমালোচকদের মতে, যুক্তরাষ্ট্র আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই হত্যা করেছে বিন লাদেনকে।