লাদেনের আস্তানায় পাওয়া উপাত্ত বিশ্লেষণে মার্কিন গোয়েন্দারা
মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা পাকিস্তানে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের বাড়িতে পাওয়া কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ এবং তথ্য-উপাত্ত বিশ্লেষণ করছেন। তাঁরা আশা করছেন, এ থেকে আল-কায়েদার অন্যান্য নেতা এবং তাঁদের পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র উন্মোচন করতে পারবেন। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায়।হোয়াইট হাউসের সন্ত্রাস দমন উপদেষ্টা জন ব্রেনান গতকাল সোমবার জানান, অভিযানের সময় মার্কিন কমান্ডোরা বিন লাদেনের বাড়ি থেকে কম্পিউটার যন্ত্রাংশ, সিডিসহ অন্য যেসব তথ্য-উপাত্ত পেয়েছেন তা গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়। তিনি বলেন, ‘আমরা এখন সেগুলো থেকে সঠিক তথ্য বেছে নেওয়ার চেষ্টা করছি। আল-কায়েদার বিরুদ্ধে এ প্রচেষ্টা অব্যাহত রাখা এখন গুরুত্বপূর্ণ।’নাম প্রকাশে অনিচ্ছুক সন্ত্রাস দমন-বিষয়ক একজন কর্মকর্তা সিএনএনকে জানান, পাকিস্তানে বিন লাদেনের আস্তানা থেকে সিডি, ডিভিডিসহ ইলেকট্রনিকস ও স্টোরেজ মিডিয়ার অনেক তথ্য-উপাত্ত পাওয়া গেছে। তিনি বলেন, ‘এসব উপাত্তে কোনো হামলার পরিকল্পনা আছে কি না, তা প্রথমে খতিয়ে দেখছেন তদন্তকারীরা।’মার্কিন ঊর্ধ্বতন একজন গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে জানান, জব্দ করা সামগ্রী থেকে তথ্যপ্রমাণ খুঁজে বের করতে সিআইএয়ের একটি টাস্কফোর্স কাজ করছে।