লাদেনের এক সহযোগীর যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেনের সন্দেহভাজন সাবেক শীর্ষ সহযোগী মামদো মাহমুদ সেলিমকে (৫২) যুক্তরাষ্ট্রের একটি আদালত গতকাল মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। ২০০০ সালে যুক্তরাষ্ট্রের একজন নিরাপত্তারক্ষীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অপরাধে তাঁকে এই শাস্তি দেওয়া হয়।মামদো মাহমুদ সেলিম নামের ওই ব্যক্তির বিরুদ্ধে ২০০১ সালে হত্যা চেষ্টা এবং যুক্তরাষ্ট্রের একজন সরকারি কর্মকর্তাকে হত্যা করার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়।সেলিমের বিরুদ্ধে আল-কায়েদার যোগসাজসে মার্কিনদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আরও একটি বিচারের অপেক্ষায় রয়েছে।গতকালের রায় হওয়া মামলাটিতে ২০০৪ সালে তাঁকে ৩২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু তখন যথাযথভাবে অভিযোগ আমলে আনা হয়নি বলে ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। পরবর্তী সময় মামলাটি যুক্তরাষ্ট্রের একটি জেলা জজের আদালতে পাঠানো হয়।এ মামলার সরকারি কৌঁসুলি জানিয়েছেন, সেলিম একজন ইঞ্জিনিয়ার হিসেবে ইরাকে প্রশিক্ষণ নিয়েছেন। তিনি আল-কায়েদার একজন প্রতিষ্ঠাতা সদস্য এবং তিনি বিন লাদেনের পক্ষে ফতোয়া জারি করতেন। পাকিস্তান ও আফগানিস্তানে তিনি জঙ্গিদের প্রশিক্ষণ এবং নিরাপদ বাসস্থান নিশ্চিত করারও কাজ করতেন।২০০০ সালে সেলিম আমেরিকার নিরাপত্তা কর্মকর্তা লুইস পিপির ওপর আক্রমণ চালান। এরপর চার সহযোগীসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ১৯৯৮ সালে কেনিয়া ও তানজানিয়ায় যুক্তরাষ্ট্র দূতাবাসে হামলার অভিযোগ রয়েছে।—রয়টার্স।