লাদেনের খোঁজ জানতেন মোশাররফ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ জানতেন যে আল-কায়েদার শীর্ষনেতা ওসামা বিন লাদেনকে পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে লুকিয়ে রাখা হয়েছে। এমনকি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই লাদেনের নিরাপত্তার জন্য ওই বাড়ি তৈরি করে দিয়েছিল। আইএসআইয়ের সাবেক প্রধান এসব অভিযোগ করেছেন বলে একটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।আইএসআইয়ের সাবেক প্রধান জেনারেল জিয়াউদ্দিন খাজা এলিয়াস জিয়াউদ্দিন বাটের বরাত দিয়ে মার্কিন গোয়েন্দা সিআইএর সাবেক কর্মকর্তা ব্রুস রিদেল বলেন, পারভেজ মোশাররফ জানতেন লাদেন অ্যাবোটাবাদে ছিলেন।দ্য ডেইলি বিস্ট ওয়েবসাইটের এক নিবন্ধে জিয়াউদ্দিন বাটের বরাত দিয়ে ব্রুস রিদেল আরও বলেন, পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান ব্রিগেডিয়ার ইজাজ শাহ অ্যাবোটাবাদে লাদেনের নিরাপত্তার জন্য ওই বাড়ি নির্মাণের নির্দেশ দিয়েছিলেন।জিয়াউদ্দিন বাট বলেন, লাদেনকে অ্যাবোটাবাদে বসবাসের সুযোগ দিয়েছিলেন ইজাজ শাহ এবং তিনিই লাদেনকে বাইরের সবকিছু থেকে লুকিয়ে রাখা ও নিরাপত্তা নিশ্চিত করেন। জিয়াউদ্দিন বাট আরও বলেন, এর সবকিছুই পারভেজ মোশাররফ জানতেন বলে রিদেল তাঁর নিবন্ধে উল্লেখ করেন।তবে জিও নিউজ চ্যানেলকে জিয়াউদ্দিন বাট বলেন, রিদেলের নিবন্ধে তাঁকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আর তিনি লাদেন ও মোশাররফ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্যই দেননি বলে উল্লেখ করেন।যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী নেভি সিল গত বছরের মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে দুঃসাহসিক এক অভিযান চালিয়ে লাদেনকে হত্যা করে। আর তখন থেকেই যুক্তরাষ্ট্র খোঁজ নেওয়ার চেষ্টা করছে, লাদেনকে অ্যাবোটাবাদে আশ্রয় দেওয়ার পেছনে পাকিস্তানি নিরাপত্তা সংস্থার হাত ছিল কি না?রিদেল তাঁর নিবন্ধে আরও উল্লেখ করেন, ‘আমরা নিশ্চিত জানি না, কারা লাদেনকে অ্যাবোটাবাদে থাকতে সহযোগিতা করেছিল। কিন্তু এটা জানা আমাদের খুবই প্রয়োজন। যদি পারভেজ মোশাররফ লাদেনের বিষয়ে আগে থেকে কিছু জেনে থাকেন, তাহলে পরবর্তী সময়ে তিনি যুক্তরাষ্ট্রে এলে কর্তৃপক্ষ তাঁকে জিজ্ঞাসাবাদ করবে।’ তিনি আরও উল্লেখ করেন, যদি যুক্তরাষ্ট্র বের করতে পারে, লাদেনকে কারা লুকিয়ে রেখেছিল, তাহলে লাদেনের অনুসারী আইমান আল জাওয়াহিরি এবং আল-কায়েদার অবশিষ্ট জঙ্গিদের লুকিয়ে থাকতে কারা সহযোগিতা করছে, তা জানতে পারবে। পিটিআই।