লাদেনের তিন স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিহত ওসামা বিন লাদেনের তিনজন স্ত্রী এখন পাকিস্তানে অবস্থান করছেন। এই তিন স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় যুক্তরাষ্ট্র। এ জন্য হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টা টমাস ডনিলন পাকিস্তান সরকারের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র মনে করে নিহত বিন লাদেনের স্ত্রীদের জিজ্ঞাসাবাদে নতুন চাঞ্চল্যকর তথ্য পাওয়া যেতে পারে। আর বিন লাদেনের আত্মগোপনে পাকিস্তান সরকারের কোনো মহলের প্রশ্রয় ছিল কি না, তা-ও যাচাই করা যাবে।এবিসি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাত্কারে হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, ওসামা বিন লাদেন হত্যায় পরিচালিত অভিযানে ঘটনাস্থল থেকে মার্কিন কমান্ডো দল গুরুত্বপূর্ণ তথ্য-ভান্ডার উদ্ধার করেছে। আর এ তথ্য-ভান্ডারের পরিমাণ একটি কলেজের লাইব্রেরির সমান বলে তিনি উল্লেখ করেন। পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্র প্রশাসনের সম্পর্ক এখন একটি সরু সুতার ভারসাম্যে অবস্থান করছে বলে তিনি উল্লেখ করেন।দেশের রাজধানী ইসলামাবাদ থেকে মাত্র ৩৫ মাইল দূরে ওসামা বিন লাদেনের আত্মগোপনের বিষয়টিতে পাকিস্তান সরকারের প্রশ্রয় রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।টমাস ডনিলন জানান, পাকিস্তান সরকারের পক্ষ থেকেও বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, গত সপ্তাহে লাদেন হত্যা অভিযানের সময়টি ছিল তাঁর জীবনের দীর্ঘতম ৪০ মিনিট। গতকাল রোববার সিবিএম নিউজ এর ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।মার্কিন সিনেটে বৈদেশিক সম্পর্ক-বিষয়ক কমিটির প্রভাবশালী সদস্য সিনেটর জন কেরি বলেছেন, ‘আমাদের বুঝতে হবে বিন লাদেনকে হত্যা অভিযানে পাকিস্তানের সহযোগিতাও ছিল।’ পাকিস্তানে আল-কায়েদার শীর্ষ ২০ সদস্যের মধ্যে ১৬ জনকে গ্রেপ্তার বা হত্যা অভিযানে পাকিস্তান সহযোগিতা করেছে বলে সিনেটর জন কেরি এক টেলিভিশন সাক্ষাত্কারে উল্লেখ করেন।