লাদেনের ব্যাপারে ব্যর্থতার জন্য আইএসআই বিব্রত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওসামা বিন লাদেনের ব্যাপারে ব্যর্থতার কারণে নিজেরা বিব্রত বলে জানিয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই।আইএসআইয়ের এক কর্মকর্তা বিবিসির সংবাদদাতা ওয়েন বেনেট জোনসকে জানিয়েছেন, ‘অ্যাবোটাবাদের যে ভবনটিতে ওসামা থাকতেন, ওই ভবনটিতে ২০০৩ সালে একবার তল্লাশি চালানো হয়েছিল। এর পর থেকে ভবনটি আর তাদের নজরদারিতে ছিল না। ২০০৩ সালে আবু ফারাজ আল- লিবি নামে আল-কায়েদার এক সদস্যকে খুঁজতে ওই বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। তখন বাড়িটি নির্মাণাধীন ছিল।’ ভবনটি অ্যাবোটাবাদের সামরিক অ্যাকাডেমি থেকে মাত্র কয়েক শ মিটার দূরে অবস্থিত।আইএসআইয়ের ওই কর্মকর্তা রোববারের রাতের ঘটনা সম্পর্কে কিছু নতুন তথ্য দিয়েছেন। তথ্যগুলো হলো: ওই ভবনে ১৭-১৮ জন মানুষ ছিল; আর মার্কিন সেনাসদস্যরা জীবিত অবস্থায় যাকে ধরে নিয়ে গেছে, তিনি খুব সম্ভবত ওসামার ছেলে। আর এ ঘটনায় বেঁচে গেছে ওসামার স্ত্রী ও মেয়ে। এ ছাড়া ওই ভবনে আট-নয়টি শিশু ছিল। তবে তারা ওসামার সন্তান নয় বলেও জানিয়েছেন তিনি।ওসামার ইয়েমেনি স্ত্রী বলেছেন, তাঁরা কয়েক মাস আগে এই ভবনে এসেছেন। ওসামার ১২ বছর বয়সী মেয়ে বলেছে, সে তার বাবাকে গুলি করতে দেখেছে।আইএসআইয়ের ওই কর্মকর্তা আরও বলেছেন, মার্কিন সেনাসদস্যরা জীবিত নারী ও শিশুদের নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু একটি হেলিকপ্টার নষ্ট হওয়ায় তাঁরা সে চেষ্টা বাদ দিয়েছেন। পরে নষ্ট হেলিকপ্টারটি মার্কিন সেনাসদস্যরা ধ্বংস করে ফেলেন। তবে মার্কিনরা শুধু ওসামার মরদেহ নিয়ে যাওয়ার ব্যাপার ছাড়া আর অন্য কোনো ব্যাপারে মন্তব্য করেনি।ওই কর্মকর্তা আরও বলেছেন, ‘তাঁরা ওই ভবন থেকে বেশ কিছু কাগজ-পত্র উদ্ধার করেছেন। সিআইএ ওই ভবন থেকে কম্পিউটারের হার্ডড্রাইভসহ বেশ কিছু জিনিসপত্র নিয়ে গেছে। আমরা সত্যিই হতবিহ্বল হয়েছি যে আমাদের কোনো ধরনের প্রতিক্রিয়ার আগেই মার্কিনরা ওই ভবনে ঢোকে এবং বের হয়ে যায়।’বিবিসি সংবাদদাতা জানিয়েছেন, ওই ভবনের কিছু প্রতিবেশী তাঁকে জানিয়েছেন, পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা এই হামলার এক ঘণ্টা আগে তাদের ঘরবাড়ির বাতি বন্ধ করার জন্য বলেছিলেন, যা ওই আইএসআইয়ের ওই কর্মকর্তা অস্বীকার করেছেন। তিনি আরও বলেন, অভিযানের ব্যাপারে আইএসআইয়ের কাছে আগাম কোনো বার্তা ছিল না। বিবিসি।