লাদেনের মৃত্যুকে সমর্থন করে পাকিস্তানের বিবৃতি
পাকিস্তান ওসামা বিন লাদেনের মৃত্যুকে সমর্থন করে একটি বিবৃতি দিয়েছে। আজ সোমবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ কথা জানায়।বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেনাসদস্যরা একটি গোয়েন্দা খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পাকিস্তানের এবোটাবাদ শহরে আজ ভোর রাতে আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনকে হত্যা করেছেন। যুক্তরাষ্ট্র তাদের পূর্বঘোষিত নীতি অনুযায়ী পৃথিবীর যে স্থানে লাদেনকে পাওয়া যাবে, সেখানেই তাঁকে হত্যা করা হবে বলে এই সামরিক অভিযান পরিচালনা করে।পররাষ্ট্র দপ্তর তাদের বিবৃতিতে জানায়, এই ঘটনা সব সন্ত্রাসী সংগঠনের জন্য একটি বিরাট ধাক্কা হিসেবে বিবেচিত হবে।বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে ফোন করে এই সফল অভিযান পরিচালনার কথা জানান।আল-কায়েদা পাকিস্তানের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেছে। তাদের পরিচালিত সন্ত্রাসী আক্রমণে হাজার হাজার নিরীহ পাকিস্তানি নারী, পুরুষ ও শিশু নিহত হয়েছে বলে পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে জানান হয়। দ্য নিউজ অনলাইন।