লাদেনের মৃত্যুর পর ষড়যন্ত্রের নানা তত্ত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াশিংটন রাষ্ট্র করে বেড়াচ্ছে, আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে তারা হত্যা করেছে। তবে এরই মধ্যে তাদের দাবিটা প্রশ্নবিদ্ধ হওয়ায় অনেকই এতে খুঁজে পেয়েছে ষড়যন্ত্রের গন্ধ। কেবল ঘোর মার্কিনবিরোধীরাই শুধু এ নিয়ে প্রশ্ন তোলেনি, যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যেও এখন লাদেনের মৃত্যু-দ্বিধা কাজ করছে। এদের মধ্যে ৯/১১-এর হামলায় নিহতদের স্বজনেরাও রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিজে হোয়াইট হাউস থেকে লাদেনের নিহত হওয়ার খবর ঘোষণা করেন। তাঁর এ ঘোষণার পর লাদেনের লাশ দ্রুত সাগরে সমাহিত করা, অভিযান বিষয়ে কর্মকর্তাদের বিভ্রান্তিমূলক বক্তব্য, মৃতদেহের ছবি বা ভিডিও প্রকাশ না করা—ষড়যন্ত্রের কিছু তত্ত্বকে জোরালো করে তুলছে। সমালোচকদের কেউ কেউ জোর দিয়ে বলছেন, লাদেন কয়েক বছর আগেই নিহত হয়েছেন। লাদেনের নিহত হওয়ার নতুন এ ঘোষণা আফগানিস্তানে মার্কিন আগ্রাসনকে বৈধতা দেওয়ার কৌশলমাত্র। মার্কিন স্বার্থেই সিআইএ এত দিন মৃত লাদেনকে বাঁচিয়ে রেখেছিল ইত্যাদি।মার্কিন নাগরিক এবং দেশটির যুদ্ধবিরোধী আন্দোলনের সোচ্চার কর্মী সিন্ডি শিহান তাঁর ফেইসবুকে লিখেছেন, ‘আপনি যদি লাদেনের নিহত হওয়ার নতুন এ খবর বিশ্বাস করেন, তবে আপনি বোকা।’ সিন্ডি শিহান যুক্তি দিয়ে বলেছেন, ‘মার্কিন সেনারা এত দ্রুত কীভাবে এবং কোথায় লাদেনের ডিএনএ পরীক্ষা করলেন, এত দ্রুত কেন তাঁকে সমাহিত করা হলো। কেন এখনো নিহত লাদেনের কোনো ভিডিও প্রকাশ করা হয়নি।’সিন্ডি শিহান আরও বলেছেন, ‘এর আগে ২০০৭ সালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিজেই দাবি করেছিলেন যে লাদেন এরই মধ্যে নিহত হয়েছেন।’এ প্রশ্ন কেবল শিহানের একার নয়। ইয়াহু ওয়েবসাইট বলছে, গত সোমবার তাদের সাইটের সার্চ তালিকায় শীর্ষ ছিল, ‘লাদেন মরেননি’, ‘লাদেন এখনো জীবিত’—এসব বাক্য।ইয়াহুর মতে, খোদ মার্কিন মুল্লুকে এখনো অনেক মানুষ আছে, যারা লাদেন নিহত হওয়ার বিষয়ে ওবামার ঘোষণায় আস্থা রাখতে পারছে না। ইয়াহুর তথ্য অনুসারে, ‘বিন লাদেন ষড়যন্ত্র’ নামে অধিকাংশ সার্চ এসেছে যুক্তরাষ্ট্রের অরেগন, উইসকনসিন, নর্থ ক্যারোলাইনা ও নিউ জার্সি থেকে এলাকা থেকে।নিউইয়র্কের গ্রাউন্ড জিরো পরিদর্শনে আশা সাল লিতো নামের এক মার্কিন নাগরিক বলেন, ‘আমি আশা করি, লাদেনকে সত্যি সত্যি মেরে ফেলা হয়েছে। তারা তাকে সমুদ্রে সমাহিত করা করেছে। কে জানে আসলে কী হয়েছে?’ জোয়ান ইলিগসন নামের এক মার্কিন নাগরিক বলেন, ‘আমরা প্রমাণ চাই। এ বিষয়ে আমাদের কৌতূহল আছে।’বিশ্ববাণিজ্য কেন্দ্রে হামলায় নিহতের আত্মীয় রোজালেন টেলন বলেন, ‘আমি হতাশ। কেন বিন লাদেনকে এত দ্রুত সমাহিত করা হলো? এটা দুঃখজনকভাবে ষড়যন্ত্র তত্ত্বের পথ উন্মুক্ত করেছে।’ যুক্তরাষ্ট্রে পেস বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডেভিড ক্যাপুটো জানিয়েছেন, বিন লাদেনের নিহত হওয়ার বিষয়ে তাঁর ছাত্রদের মধ্যে দুই-তৃতীয়াংশেরই ক্ষীণ সন্দেহ রয়েছে। এ ছাড়া পাঁচ শতাংশ ছাত্রের গুরুতর সন্দেহ আছে। এদিকে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের ঘোষণা করেছে, ‘ওসামার মৃত্যুর খবরটি মিথ্যা।’ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, লাদেনের মৃতদেহ সাগরে সমাহিত করার মধ্য দিয়ে তাঁর মৃত্যুর বিষয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে।ইরানের গণমাধ্যমে বলা হচ্ছে, বিন লাদেন একটা মিথ। যুক্তরাষ্ট্র আফগানিস্তানে তাদের আগ্রাসনকে যথার্থ প্রমাণ করতেই ‘বিন লাদেন মিথ’ ব্যবহার করছে। আফগান তালেবানও তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে দাবি করেছে, ‘বিন লাদেনের হত্যার বিষয়টি অপরিপক্ব। যুক্তরাষ্ট্র তাদের এ দাবির পরিপ্রেক্ষিতে কোনো বিশ্বাসযোগ্য ও সন্তোষজনক প্রমাণ হাজির করতে পারেনি।’ রয়টার্স অবলম্বনে।