লাদেনের সন্ধানদাতা সিআইএর পাঁচ এজেন্ট পাকিস্তানে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের অভিযানে নিহত আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনের অবস্থান সম্পর্কে তথ্য দেওয়ার অভিযোগে পাকিস্তানে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পাঁচজন এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে। পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) তাঁদের গ্রেপ্তার করেছে বলে গতকাল বুধবার প্রভাবশালী মার্কিন দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে।দ্য নিউইয়র্ক টাইমস জানায়, গ্রেপ্তার হওয়া পাঁচজনই পাকিস্তানি নাগরিক। তাঁদের মধ্যে সেনাবাহিনীর একজন মেজর এবং অ্যাবোটাবাদের একটি বাড়ির মালিকও আছেন। ওই বাড়িটি থেকে পাশে বিন লাদেনের বাড়িটির ওপর নজরদারি করত সিআইএ।তবে কোনো সেনা কর্মকর্তাকে গ্রেপ্তারের খবর নাকচ করে দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে,‘নিউইয়র্ক টাইমস-এর খবর পুরোটাই মিথ্যা ও বানোয়াট।’আইএসআইয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার আজমত আব্বাস বলেন, ‘কোনো সেনাসদস্যকে গ্রেপ্তার করা হয়নি। তবে মার্কিন গোয়েন্দাদের সঙ্গে কাজ করেছেন, এমন কয়েকজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’গত মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরের একটি বাড়িতে অভিযান চালিয়ে বিন লাদেনকে হত্যা করেন মার্কিন কমান্ডোরা। ওই অভিযানের পর থেকে ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যে টানাপোড়েন চলছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, পাকিস্তানের কেউ না কেউ বিন লাদেনকে আশ্রয় দিয়েছিলেন এবং রক্ষা করতেন। তবে পাকিস্তান বলেছে, বিন লাদেনের অবস্থানের বিষয়ে তারা কিছুই জানত না।ব্রিগেডিয়ার আব্বাস বলেন, ‘সন্দেহভাজন হিসেবে কয়েকজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে অ্যাবোটাবাদে লাদেনের ওই বাড়ির পাশের একটি বাড়িতে অভিযান চালিয়ে। আমাদের সন্দেহ, তারা সিআইএর পক্ষে কাজ করছিলেন। এ ছাড়া যাঁরা ওই বাড়িতে যাওয়া-আসা করতেন, তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’আইএসআইয়ের মুখপাত্র আরও জানান, সন্দেহ করা হচ্ছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে কেউ কেউ সংকেত শিখা জ্বেলে মার্কিন কমান্ডোদের হেলিকপ্টারকে ওই বাড়ি খুঁজে পেতে সহায়তা করেছিলেন। আবার কেউ মার্কিন হেলিকপ্টারকে পাকিস্তান ভূখণ্ডের মধ্যেই জ্বালানি সংগ্রহের ব্যবস্থা করেছিলেন। বিবিসি, এএফপি।