লাদেনের সন্ধানদাতাকে নিয়ে সিদ্ধান্তহীন পাকিস্তান! (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনের সন্ধান পেতে পাকিস্তানি চিকিত্সক শাকিল আফ্রিদিকে কাজে লাগিয়েছিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। আফ্রিদি লাদেনের ডিএনএর নমুনা সংগ্রহে পাকিস্তানের অ্যাবোটাবাদ এলাকায় টিকাদান কর্মসূচিও চালিয়েছিলেন। পরে মার্কিন এক ঝটিকা অভিযানে নিহত হন জঙ্গি নেতা লাদেন। এ ঘটনার পরপরই গ্রেপ্তার হন পাকিস্তানি ওই চিকিত্সক শাকিল। তবে তাঁর বিচার নিয়ে এখন সিদ্ধান্তহীন পাকিস্তান সরকার।পাকিস্তানের শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা সিএনএনকে জানান, ‘বিশ্বাসঘাতক’ এই চিকিত্সকের বিচার কবে এবং কোথায় হবে তা পাকিস্তানের কেন্দ্রীয় সরকারই নির্ধারণ করবে। তবে এখন এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।ওসামার বিরুদ্ধে অভিযানে শাকিল আফ্রিদির ভূমিকা প্রথম ফাঁস করে যুক্তরাজ্যের দৈনিক ‘দ্য গার্ডিয়ান’। এতে বলা হয়, লাদেনের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্য সিআইএ অ্যাবোটাবাদ শহরে তাঁকে নিয়োগ করে। সেখানে টিকাদান কর্মসূচি পরিচালনা করা হয়। ওই কর্মসূচির মূল উদ্দেশ্যই ছিল লাদেনের পরিবারের সদস্যদের ডিএনএর নমুনা সংগ্রহ করা। অ্যাবোটাবাদ থেকে যেসব মানুষের ডিএনএর নমুনা সংগ্রহ করা হতো তা লাদেনের বোনের ডিএনএয়ের সঙ্গে মিলিয়ে দেখা হতো। লাদেনের ওই বোন ২০১০ সালে যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে মারা যান।

গত বছরের অক্টোবর মাসে লাদেনকে গ্রেপ্তারে মার্কিন অভিযান নিয়ে গঠিত কমিশন শাকিল আফ্রিদির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনার সুপারিশ করে। তবে কমিশনের ওই সুপারিশ বাধ্যতামূলক নয়। তথ্যমন্ত্রী তখন বলেছিলেন, আফ্রিদি পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতায় জড়িত।পাকিস্তানের শীর্ষস্থানীয় একাধিক কর্মকর্তা সিএনএনকে বলেন, আফ্রিদি বর্তমানে নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছেন। তবে আফ্রিদিকে দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআই আটক করেনি বলে তাঁরা দাবি করেন।অ্যাবোটাবাদ শহরে লাদেনের প্রতিবেশী একাধিক বাসিন্দা সিএনএনকে বলেন, দুজন নারী নার্স পরিচয়ে বাড়ি বাড়ি যেতেন এবং বিনা মূল্যে টিকা দেওয়ার কথা বলতেন।সাজিয়া বিবি নামে লাদেনের এক প্রতিবেশী বলেন, স্বাস্থ্যকর্মীর পরিচয়ে আসা দুজন নারীর কাছ থেকে তিনি গত বছরের এপ্রিল মাসে ‘হেপাটাইটিস বি’র টিকা নিয়েছেন। তিনি আরও বলেন, তাঁদের মধ্যে এক স্বাস্থ্যকর্মী তাঁকে বলেন, কেউ একবার এই টিকা নিলে তিনি আর কখনোই হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হবেন না। সাজিয়া বিবি আরও বলেন, ওই স্বাস্থ্যকর্মীরা তাঁর সঙ্গে আঞ্চলিক ভাষায় কথা বলে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছেন। তাঁরা এও বলেছেন, তথ্য না দিলে টিকা দেওয়া হবে না। স্বাস্থ্যকর্মীদের সঙ্গে একজন পুরুষও আসতেন। তিনি বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতেন। এদিকে যুক্তরাষ্ট্র শাকিল আফ্রিদিকে মুক্তি দেওয়ার জন্য বারবারই দাবি জানিয়ে আসছে। গত রোববারও সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানের সঙ্গে এক সাক্ষাত্কারে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা চিকিত্সক আফ্রিদির ভূমিকার কথা তুলে ধরেন। সিবিএসকে প্যানেট্টা বলেন, ‘পাকিস্তানিরা ওই ব্যক্তির সঙ্গে যা করছে তা নিয়ে আমি বেশ উদ্বিগ্ন।’ তিনি বলেন, আফ্রিদি নানা রকম তথ্য দিয়ে আমাদের অভিযান সফল করতে সহযোগিতা করেছেন। এর মাধ্যমে তিনি পাকিস্তানের সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করেননি।প্যানেট্টা জোর দিয়ে বলেন, পাকিস্তান ও যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে একাট্টা এবং আল-কায়েদার বিরুদ্ধে আমাদের অবস্থান। আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নেওয়া বেশ জরুরি ছিল বলেও প্যানেট্টা অভিমত প্রকাশ করেছেন। এ জন্য আফ্রিদিকে মুক্তি দেওয়া উচিত বলে তিনি মনে করেন।ওই সাক্ষাত্কারে লাদেনকে সহযোগিতার ব্যাপারে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধেও আঙুল তোলেন প্যানেট্টা। তিনি বলেন, পাকিস্তানের শীর্ষস্থানীয় কোনো না কোনো সামরিক কর্মকর্তা অ্যাবোটাবাদ শহরে লাদেনের উপস্থিতি সম্পর্কে অবহিত ছিলেন। গোয়েন্দা প্রতিবেদনেও দেখা গেছে, লাদেনের ওই বাড়ির ওপর দিয়ে হেলিকপ্টার উড়ে যাচ্ছে। শুধু তা-ই নয়, লাদেনের বাড়ির চারপাশের ১৮ ফুট উঁচু দেয়াল কেউ দেখল না, এটি বিশ্বাসযোগ্য নয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি ওই বাড়িতে কে ছিলেন তা কেউ না কেউ জানত।নিরাপত্তার কথা বিবেচনা করেই যুক্তরাষ্ট্র পাকিস্তানকে লাদেনের বিরুদ্ধে অভিযান প্রসঙ্গে আগাম কিছু জানায়নি বলে প্যানেট্টা মনে করেন। তিনি বলেন, আমরা দেখেছি লাদেনের বাড়ির ওপর দিয়ে প্রায়ই হেলিকপ্টার উড়ে যাচ্ছে, এটা আমাদের মনে এক ধরনের সন্দেহের সৃষ্টি করে। আমরা মনে করি পাকিস্তানকে যদি এ অভিযানের খবর আগেভাগে জানানো হতো, তাহলে লাদেনকে সরে যেতে সাহায্য করা হতো।