লাদেনের স্ত্রী ও মেয়েদের বিরুদ্ধে অভিযোগ গঠন ২ এপ্রিল
পাকিস্তানের একটি আদালত আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের তিন স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে অবৈধভাবে সে দেশে প্রবেশ ও বসবাসের জন্য আগামী ২ এপ্রিল অভিযোগ গঠন করবেন। সংশ্লিষ্ট এক আইনজীবীর বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশনের অনলাইন এ খবর জানিয়েছে।আইনজীবী মুহাম্মদ আমির একটি বিদেশি বার্তা সংস্থাকে বলেছেন, ‘লাদেনের পরিবারের এই পাঁচ সদস্যের বিরুদ্ধে আগামী ২ এপ্রিল অভিযোগ গঠন করবেন আদালত।’এদিকে গতকাল সোমবার ওই সদস্যদের অভিযোগনামা পাঠিয়ে দিয়েছেন আদালত।অভিযুক্তরা দোষী সাব্যস্ত হলে পাকিস্তান ত্যাগে বাধ্য কিংবা কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন। পাকিস্তানের প্রচলিত আইনে তাঁদের সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড হতে পারে।গত বছরের ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে আল-কায়েদার তত্কালীন প্রধান ওসামা বিন লাদেন নিহত হন। ওই ঘটনার পর থেকে লাদেনের দুই সৌদি ও এক ইয়েমেনি স্ত্রী এবং তাঁদের দুই মেয়ে পাকিস্তানি কর্তৃপক্ষের হেফাজতে আছেন।