লাদেনের স্ত্রীদের জিজ্ঞাসাবাদ করতে চায় যুক্তরাষ্ট্র
আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেনের বিধবা স্ত্রীদের জিজ্ঞাসাবাদ করতে চায় যুক্তরাষ্ট্র। পাকিস্তানের হেফাজতে থাকা বিন লাদেনের স্ত্রীদের সঙ্গে কথা বলার সুযোগ দিতে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টা টমাস ডনিলন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, লাদেনকে হত্যার পর এবার যুক্তরাষ্ট্রের লক্ষ্য আল-কায়েদার দ্বিতীয় নেতা আইমান আল জাওয়াহিরি।২ মে মার্কিন কমান্ডোদের অভিযানে বিন লাদেন নিহত হওয়ার পর অ্যাবোটাবাদের ওই বাড়িতে থাকা তাঁর তিন স্ত্রী ও সন্তানদের হেফাজতে নেয় পাকিস্তান। যুক্তরাষ্ট্র মনে করছে, বিন লাদেনের স্ত্রীদের জিজ্ঞাসাবাদ করা হলে নতুন চাঞ্চল্যকর তথ্য পাওয়া যেতে পারে। লাদেনের আত্মগোপনে পাকিস্তান সরকারের কোনো মহলের হাত ছিল কি না, তা জানা যেতে পারে।এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডনিলন বলেন, বিন লাদেনের স্ত্রীদের জিজ্ঞাসাবাদ করা হলে আল-কায়েদা সম্পর্কে নতুন তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যাবোটাবাদের বাড়ি থেকে মার্কিন কমান্ডো দল গুরুত্বপূর্ণ তথ্যভান্ডার উদ্ধার করেছে। নিরাপত্তা উপদেষ্টা উদ্ধার করা তথ্যভান্ডারকে একটি কলেজের লাইব্রেরির সমান বলে উল্লেখ করেন।হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টা বলেন, জঙ্গি ও সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তানের ভূমিকা প্রশংসনীয় হলেও ওবামা প্রশাসন এবং মার্কিন আইনপ্রণেতারা পাকিস্তানকে নিয়ে সন্দিহান। রাজধানী ইসলামাবাদ থেকে ৩৫ মাইল দূরে লাদেনের আত্মগোপন পাকিস্তান সরকারের প্রশ্রয় ছাড়া সম্ভব নয় বলে মনে করছেন অনেকে। ডনিলন বলেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পাকিস্তানের পক্ষ থেকেও বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।পাকিস্তান সরকারের অনুমতি ছাড়া তাদের দেশে অভিযানের সমালোচনার জবাবে ডনিলন বলেন, পাকিস্তানেই পৃথিবীর সবচেয়ে বেশি জঙ্গিকে হয় হত্যা, না হয় গ্রেপ্তার করা হয়েছে। পাকিস্তান সরকারের অনুমতি ছাড়া অনুরূপ আরও মার্কিন সামরিক অভিযানের সম্ভাবনাকে নিরাপত্তা উপদেষ্টা নাকচ করে দেননি। তিনি বলেন, বিন লাদেন হত্যার পর সারা বিশ্ব থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে।মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির প্রভাবশালী সদস্য সিনেটর জন কেরি এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, ‘আমাদের বুঝতে হবে বিন লাদেনকে হত্যার অভিযানে পাকিস্তানের সহযোগিতাও ছিল। পাকিস্তানে আল-কায়েদার শীর্ষ ২০ সদস্যের মধ্যে ১৬ জনকে গ্রেপ্তার বা হত্যার অভিযানে পাকিস্তান সহযোগিতা করেছে।’লক্ষ্য এখন জাওয়াহিরি: বিন লাদেনকে হত্যার পর এখন যুক্তরাষ্ট্রের পরবর্তী লক্ষ্য আল-কায়েদার দ্বিতীয় নেতা আইমান আল জাওয়াহিরি। তবে এ বিষয়ে মার্কিন প্রশাসন এখনো পাকিস্তানকে কিছু জানাচ্ছে না।নিরাপত্তা উপদেষ্টা ডনিলন বলেন, ‘জাওয়াহিরিই এখন বিশ্বের মোস্ট ওয়ানটেড সন্ত্রাসী, যাঁকে আমরা খুঁজছি। তাঁকে ধরার জন্য আমাদের বিশ্বজুড়ে তৎপরতা চালাতে হবে।’লাদেন সুস্থ ছিলেন: নিরাপত্তা হেফাজতে থাকা বিন লাদেনের স্ত্রীদের জিজ্ঞাসাবাদ করছে পাকিস্তানি কর্তৃপক্ষ। জিজ্ঞাসাবাদের সঙ্গে জড়িত কর্মকর্তারা জানিয়েছেন, কিডনি সমস্যার কারণে বিন লাদেন নিয়মিত ডায়ালিসিস করতেন বলে সাধারণভাবে অনেকেই বলছেন। কিন্তু তাঁর কনিষ্ঠ স্ত্রী আহমেদ আমাল আবদুলফাত্তাহ জানিয়েছেন, তাঁর স্বামী সম্পূর্ণ সুস্থ ছিলেন। কিডনি সমস্যার কারণে বছর দশেক আগে আফগানিস্তানে তাঁর দুবার অস্ত্রোপচার করা হয়েছিল। কিন্তু এরপর তিনি একেবারে সেরে ওঠেন।অ্যাবোটাবাদের বাড়ি থেকে বিন লাদেনের পুরো তথ্যভান্ডার অভিযানের দিন নিয়ে যান মার্কিন কমান্ডোরা। এর মধ্যে বিন লাদেনের অনেকগুলো ভিডিও ও অডিও-বার্তা রয়েছে। ইতিমধ্যে গত শনিবার পাঁচটি ভিডিও-বার্তা প্রকাশ করে মার্কিন প্রশাসন। আরও বেশ কিছু প্রকাশ করার চিন্তা-ভাবনা করা হচ্ছে।প্রকাশিত একটি ভিডিওচিত্রে দেখা যায়, বিন লাদেন টেলিভিশনে নিজেকে দেখছেন। কিন্তু ভিডিওটি কবে ধারণ করা, তা ঠিক জানা যাচ্ছে না। তবে ভিডিওচিত্রে এক জায়গায় কিছু সময়ের জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে দেখা যাওয়ায় ধারণা করা হচ্ছে, এটি নিশ্চয় ওবামা প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ধারণ করা। ওবামা শপথ নেন ২০০৯ সালের জানুয়ারিতে।এ ছাড়া ওই বাড়ি থেকে বিন লাদেনের অনেকগুলো অডিওবার্তা উদ্ধার করে মার্কিন বাহিনী। সেগুলো সম্ভবত গত পাঁচ বছরে ধারণ করা। তিনজনের দিকে সন্দেহের তীর: পাকিস্তানে বিন লাদেনকে কে আশ্রয় দিয়েছিলেন? সন্দেহের তীর এখন তিনজনের দিকে। অ্যাবোটাবাদে লাদেনকে কারা আশ্রয় দিয়েছিলেন, তা শনাক্ত করতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যমের খবর এবং ভারতীয় বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী সন্দেহের তীর শুধু আইএসআইয়ের প্রধান লে. জেনারেল সুজা পাশার দিকেই নয়, তাঁর দুই পূর্বসূরির দিকেও রয়েছে। ওই দুজনের একজন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি ও আইএসআইয়ের সাবেক প্রধান জেনারেল নাদিম তাজ। ২০০৫ সালে লাদেন যখন অ্যাবোটাবাদের বাড়িতে ওঠেন, তখন কায়ানি আইএসআইয়ের প্রধান ছিলেন। আইএসআইতে কায়ানির উত্তরসূরি ছিলেন নাদিম তাজ। তিনি ২০০৭ সালের অক্টোবরে আইএসআইয়ের প্রধান হন। নাদিম তাজ হলেন তৃতীয় ব্যক্তি, যাঁকে সমানভাবে সন্দেহ করা হচ্ছে। স্বজনদের নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে: পাকিস্তানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দেশটির হেফাজতে থাকা বিন লাদেনের ইয়েমেনি বংশোদ্ভূত স্ত্রী আমাল আহমেদসহ লাদেনের আত্মীয়স্বজনদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে। ইয়েমেনে নিযুক্ত পাকিস্তানের উপরাষ্ট্রদূত দিয়ার খানের উদ্ধৃতি দিয়ে ইয়েমেনের দৈনিক ইয়েমেন টাইমস গতকাল এ কথা জানায়। এএফপি, এপি, টাইমস অব ইন্ডিয়া।