লাভ-লোকসানের হিসাব কষছেন বিএনপির নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ হওয়াকে লোকসান হিসেবে দেখছে না বিএনপি; বরং ক্ষেত্রবিশেষে লাভ হবে বলে মনে করছেন দলটির নেতারা। জামায়াতের নিবন্ধন অবৈধ বলে গত বৃহস্পতিবার হাইকোর্ট রায় দেন। এর ফলে দলটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না। এ বিষয়ে জামায়াতের প্রধান রাজনৈতিক মিত্র বিএনপি এখনো দলীয় অবস্থান নির্ধারণ করতে পারেনি। এখন পর্যন্ত এ নিয়ে দলীয় ফোরামে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। হাইকোর্টের রায়ের পর এ নিয়ে বিএনপির মধ্যে আলোচনা শুরু হয়েছে। দলটির স্থায়ী কমিটি, কেন্দ্রীয় কমিটি ও মাঠপর্যায়ের নেতারা লাভ-লোকসানের হিসাব কষতে শুরু করেছেন। তাঁরা মনে করছেন, এতে বিএনপির ক্ষতি নেই; বরং লাভই হবে। লাভের কারণ হিসেবে তিনটি বিষয়কে চিহ্নিত করেছেন বিএনপির নেতারা। এক. নিবন্ধন অবৈধ হলে জামায়াতের ভোট বিএনপিই পাবে। দুই. নির্বাচনে জামায়াতের সঙ্গে আসন নিয়ে দর-কষাকষির ঝামেলা থাকছে না। তিন. অস্তিত্ব টেকানোর জন্য জামায়াত সর্বশক্তি দিয়ে আন্দোলনে মাঠে নামবে, চূড়ান্তভাবে এর ফল বিএনপির ঘরেই যাবে। তবে বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা শঙ্কার কথাও বলেছেন। তাঁদের মতে, নিবন্ধন নিয়ে চাপে ফেলে জামায়াতকে বিএনপির জোট থেকে আলাদা করার চেষ্টা করতে পারে সরকার। অথবা আওয়ামী লীগের অধীনে আগামী নির্বাচন হলে এবং তা বিএনপি বয়কট করলে সরকার চাপে ফেলে জামায়াতকে নির্বাচনে আনার চেষ্টা করতে পারে। শঙ্কার প্রকাশকারী এসব নেতা এও মনে করেন, জামায়াত সরকারের ফাঁদে পা দেবে না। হাইকোর্টের রায়ের পরদিন জামায়াতের চাপে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বিবৃতি দিয়েছেন। কিন্তু তাতে রায়ের পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থান ঘোষণা করা হয়নি। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের এক সদস্য প্রথম আলোকে বলেন, রায়ের পর বিএনপি একেবারেই চুপ ছিল। এতে জামায়াত কিছুটা অসন্তুষ্ট হয়েছে। বিষয়টি গত শুক্রবার জামায়াতের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জানানো হয়। তখন বিএনপি থেকে বলা হয়, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া সৌদি আরব থেকে না ফেরা পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেওয়া যাচ্ছে না। পরে জামায়াতের চাপে ওই দিনই বিএনপির নেতারা খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন এবং মির্জা ফখরুল ওই বিবৃতি দেন। অবশ্য জামায়াত ওই বিবৃতিতে দায়সারা বলে মনে করছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নন কিন্তু দলের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন—এমন এক নেতা গতকাল এই প্রতিবেদককে বলেন, নিবন্ধন বাতিল একটি দীর্ঘ আইনি প্রক্রিয়া। বিএনপি এখনো মনে করছে, আগামী নির্বাচনে জামায়াত অংশ নিতে পারবে। তবে না পারলেও ১৮-দলীয় জোটের কোনো সমস্যা হবে না। তিনি মনে করেন, বিএনপি আগামী নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় গেলেই কেবল জামায়াত রাজনীতি করতে পারবে—দলটির মধ্যে এমন ধারণা তৈরি হয়েছে। তাই আগামী নির্বাচনে অংশ নিতে না পারলেও জামায়াতকে বিএনপির পক্ষে জান-প্রাণ দিয়ে খাটতে হবে। আর ঈদের পর তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি মাঠে নামলে তাতেও জামায়াতের অংশগ্রহণ আগের তুলনায় বাড়বে বলে মনে করেন বিএনপির এই নেতা।অবশ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, বিএনপি বা তার জোটের ওপর হাইকোর্টের এই রায় কোনো প্রভাব ফেলবে না। জামায়াত বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটে আছে, থাকবে। তিনি বলেন, ‘আশা করি, জামায়াত নির্বাচনে অংশ নিতে পারবে না, এমন কোনো ঘটনা ঘটবে না। সুপ্রিম কোর্টে আপিল হলে আগামী নির্বাচনে জামায়াতের অংশ নেওয়া আটকে থাকবে না।’