লাভের বিমান লোকসানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে ‘বাণিজ্যিক ভিত্তিতে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত’ করা হবে বলে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সরকারের গত দুই বছরে প্রতিষ্ঠানটি লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। একই সঙ্গে বহর পরিকল্পনা বাস্তবায়ন, দক্ষ ব্যবস্থাপনা গড়ে তুলতেও ব্যর্থ হয়েছে বিমান। অবশ্য বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এয়ার কমোডর (অব.) জাকীউল ইসলাম কিছু ক্ষেত্রে বিমানের অগ্রগতি হয়েছে বলে দাবি করেন। তিনি বলেন, এ সময় ফ্লাইটসূচি আগের চেয়ে বেশি নিয়মিত হয়েছে। যাত্রীসেবার মান বেড়েছে। বহরে ভাড়ায় চারটি জাহাজ যুক্ত হয়েছে। এ ছাড়া বন্ধ আন্তর্জাতিক গন্তব্যগুলোর মধ্যে ব্যাংকক ও দিল্লি ফ্লাইট চালু করা হয়েছে।তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা সত্ত্বেও দুই বছরে নিউইয়র্ক ফ্লাইট পুনরায় চালু করতে পারেনি বিমান। কবে নাগাদ শুরু করা যাবে, তা-ও নিশ্চিত করে বলা যাচ্ছে না। জাকীউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘২০০৯ সালে দুটি বোয়িং ৭৭৭-২০০ ইআর বহরে আসার কথা ছিল, কিন্তু এসেছে একটি। তাই উড়োজাহাজের অভাবে নিউইয়র্ক ফ্লাইট চালু করতে পারিনি। তবে এ বিষয়ে কাজ অব্যাহত আছে।’জাতীয় পতাকাবাহী এই বিমান সংস্থাটি বাণিজ্যিকভাবে পরিচালনা করার জন্য বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৭ সালের ১ জুলাই কোম্পানি করা হয়। বিমানের হিসাব নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী, তত্ত্বাবধায়ক সরকার আমলে পর পর দুই অর্থবছরে (২০০৭-০৮ ও ২০০৮-০৯) প্রতিষ্ঠানটি যথাক্রমে ১৯ কোটি ৯৪ লাখ ও ৬৫ কোটি ২৫ লাখ টাকা লাভ করে। কিন্তু বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বিমান লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। গত ৮ ডিসেম্বর জাতীয় সংসদে বেসামরিক বিমান চলাচলমন্ত্রী জি এম কাদের প্রশ্নোত্তর পর্বে বলেছেন, ২০০৯-১০ অর্থবছরে বিমানের লোকসান হয়েছে ৮০ কোটি ১৩ লাখ ৬২ হাজার টাকা। বিমানের হিসাব শাখার একটি সূত্র জানায়, চলতি অর্থবছরে (২০১০-১১) বিমানের লোকসানের পরিমাণ আরও বাড়তে পারে।বিমানমন্ত্রী জি এম কাদের বলেছেন, পর পর দুই বছর লাভ করার পর এবার বিমান কীভাবে লোকসান দিল, তা চিন্তার বিষয়। লোকসানের কারণ সুনির্দিষ্টভাবে জানানোর জন্য বিমান কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। কারণ জানার পর পদক্ষেপ নেওয়া হবে। বিমানমন্ত্রী বলেন, এ বছর লোকসান দিলেও বিমানের সম্ভাবনা আছে। বিমানের ভবিষ্যৎ ভালো। লোকসানের কারণ সম্পর্কে জানতে চাইলে বিমানের এমডি প্রথম আলোকে বলেন, এবার রেভিনিউ কম, কিন্তু খরচ বেশি হওয়ায় লোকসান হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা ছাড়ার সময় বিমানের তহবিলে ৫০০ কোটি টাকা ছিল। সে টাকাও শেষ। এখন তহবিলের অবস্থা খারাপ। তবে সেটা এ মুহূর্তে টের পাওয়া যাচ্ছে না, কারণ এই সময়ে হজ ফ্লাইট পরিচালনা করে বিমানের হাতে কিছু নগদ অর্থ আছে। এ ছাড়া বিদেশ থেকে কেনাকাটার বড় অঙ্কের কোনো অর্থ পরিশোধ করতে হচ্ছে না এই সময়ে। লাভজনক অবস্থা থেকে আবার লোকসানি অবস্থায় পড়ার কারণ হিসেবে ‘অদক্ষ ব্যবস্থাপনা’ দায়ী বলে মনে করেন বিমানের অভিজ্ঞ একাধিক কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক এসব কর্মকর্তা বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ব্যাপক অনিয়ম-দুর্নীতি ও সামরিক-বেসামরিক আমলাদের দিয়ে অদক্ষ ব্যবস্থাপনার কারণে বিমান প্রায় দেউলিয়া হয়ে পড়ে। হিসাব নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী, বিএনপি-জামায়াত জোট সরকারের শেষ তিন অর্থবছর (২০০৪-০৫ থেকে ২০০৬-০৭) বিমান লোকসান দিয়েছে যথাক্রমে ১৯১ কোটি, ৪৫৪ কোটি ও ২৭২ কোটি টাকা। তখন দাবি উঠেছিল আকাশ পরিবহন ব্যবসায় পেশাদার ব্যক্তিদের দিয়ে বিমানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ঢেলে সাজানোর। এই লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার এটিকে কোম্পানি করে। এরপর প্রতিষ্ঠানটি লাভেও যায়।কিন্তু মহাজোট সরকার ক্ষমতায় আসার পর আবার পুরোনো ধারায় ফিরে যায় বিমানের ব্যবস্থাপনা। আমলাতান্ত্রিক জটিলতা, অদক্ষ ব্যবস্থাপনা, পরিকল্পনাহীন যাত্রা, অনিয়ম-দুর্নীতির অভিযোগ—সবই পুনর্বহাল হয়েছে। উপরন্তু কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিশৃঙ্খলা, চাকরি হারানোর আতঙ্ক বেড়ে চলেছে। অভিজ্ঞ অনেক কর্মকর্তাকে কোনো কারণ ছাড়া চাকরিচ্যুত করা হয়েছে। তাঁদের অভিযোগ, অনিয়ম-দুর্নীতির সুবিধার জন্য পুরোনোদের সরানো হয়েছে। এ জন্য কেউ কেউ আদালতে মামলা করেছেন।বিমানের বহর পরিকল্পনা অনুযায়ী, ২০০৯ সালে দুটি ও ২০১০ সালে দুটি বোয়িং ৭৭৭ সংগ্রহের কথা ছিল। কিন্তু এর মধ্যে বিমান সংগ্রহ করতে পেরেছে মাত্র একটি। এটা স্বীকার করে বিমানের এমডি বলেন, ২০১০ সালে যে দুটি আনার কথা ছিল, সেগুলো আশা করি আগামী জুলাই মাসে আসতে পারে। অভিযোগ আছে, কোম্পানি হওয়ার আগে বিমান ছিল মন্ত্রণালয়শাসিত। যখন-তখন মন্ত্রণালয়ের হস্তক্ষেপ, কেনাকাটায় ক্ষমতাসীনদের প্রভাব ছিল। এখন আর মন্ত্রণালয়ের হস্তক্ষেপের সুযোগ নেই। মন্ত্রণালয় সূত্র জানায়, কিন্তু জাতীয় সংসদের কাছে বিমানের লাভ-লোকসানসহ যেকোনো বিষয়ে জবাবদিহি করতে হয় বিমানমন্ত্রীকে। কিন্তু মন্ত্রীর সঙ্গে বিমানের পরিচালনা পর্ষদের দূরত্ব রয়েছে। পরিচালনা পর্ষদের রদবদলের ক্ষমতা সংরক্ষণ করছে প্রধানমন্ত্রীর কার্যালয়। গত বছর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামাল উদ্দিন একাধিকবার গণমাধ্যমে বক্তৃতা-বিবৃতি, চিঠি-পাল্টা চিঠি দিয়ে বিমানমন্ত্রীর সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন।মন্ত্রী জি এম কাদেরও একাধিকবার গণমাধ্যমে বলেছেন, শতভাগ সরকারি মালিকানাধীন বাংলাদেশ বিমানে স্বচ্ছতা ও জবাবদিহির অভাব রয়েছে। তিনি বিমানের স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার জন্য পরিচালনা পর্ষদের ওপর মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষমতা চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন। বিমান সূত্র জানায়, বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে পরিচালনা ও লাভজনক করতে কোম্পানি করার পর তত্ত্বাবধায়ক সরকার আমলে একটা রোডম্যাপ করা হয়। কিন্তু বর্তমান সরকারের দুই বছরে ওই রোডম্যাপ বাস্তবায়নের ধারেকাছেও পৌঁছাতে পারেনি বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।