লামায় এত প্রাণহানি আগে দেখেনি কেউ
স্বামী-স্ত্রী, সন্তান-সন্ততি মিলে তাঁরা ছিলেন সাতজন। আগের রাতে অতিথি আরও চারজন। রাতের আহার সেরে ছোট ঘরটিতে সবাই এক সারিতে শুয়ে পড়েন গাদাগাদি করে। ঘরের সামনের বারান্দায় বাঁধা ছিল একটি গরু, ১১টি ছাগল।রাতে প্রবল বৃষ্টির সময় পাশের পাহাড় থেকে ওই ঘরের ওপর ধেয়ে আসে মাটির আস্ত খণ্ড। পাড়ার লোকজন নিজেদের নিয়ে ব্যস্ত ছিল, কেউ ওই পরিবারের খোঁজই নেয়নি। ভোরে এসে প্রতিবেশীরা দেখে, বিশাল একখণ্ড মাটির নিচে চ্যাপ্টা হয়ে আছে বাঁশ আর শণ দিয়ে তৈরি ছোট্ট ঘরটি। এরপর লোকজন একে একে বের করে ১১টি লাশ।বান্দরবান জেলার লামা উপজেলার ফাইতং ইউনিয়নের রাইম্যাখোলা গ্রামে এভাবে পাহাড়ধসে একটি পরিবারের সবাই মারা যায়। একই রাতে পাহাড়ধসে পাশের মগনামা পাড়ায় আরেকটি পরিবারের পাঁচ সদস্যের সবাই মারা গেছে। এভাবে ফাইতং ইউনিয়নের পাঁচটি স্থানে এ ধরনের দুর্ঘটনায় মারা গেছে ২৪ জন। এলাকার লোকজন জানায়, আগে এসব জায়গায় পাহাড়ধস হলেও এত প্রাণহানি হয়নি। রাইম্যাখোলা গ্রামে গিয়ে দেখা যায়, খাড়া পাহাড়ের নিচে, কোথাও একেবারে ঢালুতে কয়েক বছরে গড়ে উঠেছে অসংখ্য বসতি। ফাইতং ইউনিয়নে গড়ে ওঠা একাধিক ইটভাটাকে কেন্দ্র করে এখানে দিন দিন বসতি বাড়ছে। সে সঙ্গে বাড়ছে পাহাড় ও গাছ নিধন। নতুন যেসব পরিবার এখানে বসতি গড়ছে, তারা সবাই পাহাড়ের নিচু অংশ অথবা দুই পাহাড়ের মাঝখানের ঝিরিতে ঘর তৈরি করেছে। গত মঙ্গলবার রাতের ভারী বর্ষণে এসব ঝিরি দিয়ে প্রবল বেগে পাহাড় থেকে পানি নেমে আসে। এ সময় এ এলাকার অন্তত ২০টি স্থানে পাহাড়ধস হয়। আর প্রাণহানি ঘটে পাঁচ জায়গায়।রাইম্যাখোলায় সপরিবারে নিহত নুরুল ইসলাম সাত মাস আগে চকরিয়ার ঢেমুশিয়া ইউনিয়ন থেকে এসে বসতি শুরু করেন। এরপর আত্মীয় বশির আহম্মদকেও বাড়ির পাশের পাহাড়ে চাষ করার জন্য নিয়ে আসেন। মঙ্গলবার পাহাড়ধসের সময় নুরুল ইসলামের বাড়িতে বশির আহমদ ছাড়াও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আয়েশা খাতুন, মেয়ে ফরিদা খাতুন ও ফরিদার দেবর নাজিম উদ্দিনও ছিলেন। তাঁরা সবাই এসেছিলেন বেড়াতে।নুরুল ইসলামের পরিবারের নিহত অন্যরা হচ্ছেন স্ত্রী রশিদা বেগ, মেয়ে সায়মা আক্তার (১৩), রায়হান জান্নাত (১০), তানিশা জান্নাত (৯), আবু হানিফ (৭) ও অ্যানি আক্তার (৫)।পাশের মগনামা পাড়ায়ও এক পরিবারের সবাই মারা যায়। তাঁরা হলেন আশরাফুজ্জামান (৩৫), ফাতেমা খাতুন (২৮), কায়সার মিয়া (১১), আনসার মিয়া (৭) ও রোজিনা আক্তার (৩)। এ দুই পরিবারের আর কেউ নেই ফাইতং ইউনিয়নে। এলাকার মানুষ জানে, বন্যাকবলিত চকরিয়ার সওদাগর ঘোনা এবং সাতকানিয়া উপজেলার নদীভাঙা এলাকা থেকে এখানে এসে তারা বসতি গড়ে তুলেছে।এলাকাবাসী জানায়, প্রবল বৃষ্টি হলেও পাহাড়ধসের বিষয়টি তাদের ধারণার বাইরে ছিল। রাইম্যাখোলা গ্রামের প্রবেশমুখে পাহাড়ধসে ভেঙে যাওয়া ঘরের মালিক আবদুস সালাম প্রথম আলোকে বলেন, ‘রাতে বৃষ্টির সময় আমি বাড়ি থেকে এক কিলোমিটার দূরে দোকানে বসেছিলাম। একসময় এসে দেখি আমার বাড়িটি নেই। পাহাড় থেকে ধেয়ে আসা মাটির ধাক্কায় অন্তত ১০০ গজ দূরে দুমড়েমুচড়ে আছে। উদ্ধারকাজ চলছে। দেখলাম, মেয়ে শাহনাজের (৭) লাশ বৃষ্টিতে ভিজছে। গুরুতর অবস্থায় পড়ে আছে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী। আমি আর মেয়ের দিকে না তাকিয়ে স্ত্রীকে নিয়ে চকরিয়া চলে যাই। ভাবলাম, মেয়েটি মারা গেছে, যদি বউ বাঁচে।’ পাহাড়ধসে বেঁচে যাওয়া মর্জিনা বেগম বলেন, ‘এক বছর আগে বসবাস শুরু করেছি। সস্তায় জায়গা পেয়ে আমার স্বামী জামাল হোসেন চকরিয়া থেকে এসে এখানে বসতি শুরু করে। পাহাড়ধসে আমরা সবাই কোমর থেকে গলা পর্যন্ত মাটিতে ডুবে গিয়েছিলাম। আমি কোনোমতে বের হতে পারলেও আতঙ্কের মধ্যে আছি, আবার যদি পাহাড় ভেঙে পড়ে!’স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষিকা হুরে জান্নাত বলেন, এ এলাকাটি এতই গহিন ও দুর্গম যে নিয়মিতই হাতি চলাফেরা করে। ফলে মাগরিবের পর কেউই আর ঘর থেকে বের হয় না। মঙ্গলবার রাতে যখন এক এক করে পাহাড় ধসে পড়ছিল, তখন সবাই ভেবেছে আবার বুঝি হাতির পাল এসেছে। এ জন্য কেউ আর ঘর থেকে বের হয়নি।ফাইতং ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম বলেন, অতীতেও এখানে পাহড়ধস হয়েছে। কিন্তু এত মৃত্যু কেউ দেখেনি।