লাল আগুন কালো কষ্ট
নবাব কাটরা রোডের ওপর দিয়ে পানির স্রোত। কালো। কাগজ, কাপড়, প্যাকিং বাক্সের টুকরো, টিনের কৌটা, আরও কত কী পুড়ে কয়লা হয়ে আছে গলির ভেতরে। তার সঙ্গে হয়তো মিশে আছে মানুষের মাংস-মজ্জা-রক্ত। মুষলধারার বৃষ্টিও পারছে না সেই বিপুল কালো আবর্জনাকে ধুয়েমুছে সাফ করতে। ছাই-কয়লার থকথকে কালো পাঁকের মধ্যে পা ডুবিয়ে দাঁড়িয়ে আছেন শত শত মানুষ। শোকে বেদনায় মুহ্যমান। ওই কালো আবর্জনার মতোই বেদনায় কালো হয়ে আছে মুখগুলো।আগুনের লেলিহান শিখা এক রাতে পুড়িয়ে ছারখার করে দিয়ে গেছে কত জনের সাজানো সংসার, দীর্ঘদিনের শ্রমে-ঘামে গড়ে তোলা জীবিকার প্রতিষ্ঠান। এতই আকস্মিক আর এমন ভয়াবহ সেই ঘটনা যে, যাঁরা এর প্রত্যক্ষদর্শী, তাঁরাও ঠিক ভাষা খুঁজে পাচ্ছিলেন না যা দেখেছেন তা বলার। শুক্রবার সকালে ৪৪ নম্বর নবাব কাটরার ব্যবসায়ী আলাউদ্দিনের স্ত্রী বিউটি বেগম বললেন, ‘ছামনে তাজ মিয়ার বাড়ির চারতলায় আগুন জ্বলতাছিল। আমগো বাছার উত্তর দিকের কলাপছিবল গেইটে তালা দেও য়া। পোলার বাপে চাবি লইয়া গ্যাছে। আমি অহন কী করি। হাতুড়ি দিয়া পিটাইয়া তালা ভাঙছি। সামনে দেখি সুলতান মিয়ার ঘরও জ্বলতাছে। নিচের তলার ঘরের দজরা খুইল্যা হ্যার বউ আর পোলামাইয়া কয়েক জনেরে আমাগো বাড়িতে আনছি। উপরের তলায় লোক আছিল, তা তখন জানতে পারি নাইক্যা। পরে হুনছি হেই ঘরে চাইরজন মরছে। এমুন সময় তাজ মিয়ার বাড়ির চাইরতলা থেইকা জানলা দিয়া একজনে লাফ দিছে। আইসা পড়ছে ওই সামনের পাইপের উপর। সারা গায়ে আগুন জ্বলতাছে। ওই দেহেন, পাইপে পোড়া মাংস লাইগ্যা আছে।’ বিউটি বেগমদের বাড়িটি ছিল পেছনে। তাই তাঁরা রক্ষা পেয়েছেন। তাঁদের বর্ণনায় সামনের তাজ মিয়ার বাড়ি এবং উত্তর পাশে সুলতান মিয়ার বাড়িতে কামানের গোলার মতো আগুনের কুণ্ডলী উড়ে এসে পড়েছিল। তাজ মিয়া ও তাঁর ডেকোরেটরের দোকানের দুই কর্মচারী ঘটনাস্থলেই মারা গেছেন। বিউটি বেগম ও তাঁর বড় মেয়ে বদরুননেসা কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্রী সালমা আক্তার জানালেন, তাঁরা ঘরে বসে তখন টিভি দেখছিলেন। এমন সময় চিৎকার-চেঁচামেচি শুনে তাঁরা বেরিয়ে এসে দেখেন সামনে পশ্চিমে ও উত্তর দিকের বাড়িটিতে আগুন জ্বলছে। তারা দক্ষিণের গেট দিয়ে যাতায়াত করেন। উত্তরের গেটটি বন্ধ থাকে। নবাব কাটরার আগুনের সূত্রপাত হয়েছিল ৪৩/১ নম্বর যে বাড়িতে, তা থেকে তাঁদের বাড়িটি বেশ খানিকটা দক্ষিণে। মাঝখানে কয়েকটি টিনের ছাউনি একতলা ও দোতলা বাড়ি। এখানে একই হোল্ডিং নম্বরে বেশ কয়েকটি করে বাড়ি। ৪৪ নম্বর হোল্ডিংয়ে দুটি পাঁচতলা বাড়ি। তাঁদের বাড়িটি পেছনে। আগুন লেগেছিল সামনের বাড়িতে এবং উত্তর দিকের দোতলা বাড়িতে। নবাব কাটরা রোডের দক্ষিণ দিকে সরু গলির উভয় পাশে আরও অনেকগুলো উপগলি চলে গেছে। তার ভেতর দিয়ে পাশাপাশি দুজন লোকের চলাচলও কঠিন। ফলে আগুন দ্রুত এক বাড়ি থেকে অন্য বাড়িতে ছড়িয়েছে। প্রধান গলির সামনেই নবাব কাটরা পঞ্চায়েত কমিটির কার্যালয়, শরীরচর্চা কেন্দ্র ও পাঠাগার। নিচতলায় ফলের দোকান। দোকানের ভেতরেই মারা গেছেন এর মালিক। তার পাশে শেফালী বেকারি নামের একটি বাখরখানি তৈরির কারখানা। এই কারখানার মালিক আকবর ও চারজন কর্মচারী কারখানার ভেতরেই মারা গেছেন। ফলের দোকানের উল্টো দিকে ছিল মুদিখানার দোকান। দমকলের কর্মীরা জানালেন, তাঁরা সামনের নর্দমা থেকে দোকানির লাশ উদ্ধার করেছেন।যে রাসায়নিকের গুদাম এখন আলোচনার কেন্দ্রে, সেখানে পড়ে আছে আধপোড়া কয়েকটি ধাতব ড্রাম, পাশের মোটরসাইকেল গ্যারেজে তিনটি মোটরসাইকেলের পোড়া কাঠামো। মুদিদোকানের চাল, ডাল, বেকারির আটার বস্তা, খাবার হোটেলের থালা-বাসন, ভাঙা কাপ-গ্লাসের টুকরো ছত্রখান হয়ে আছে পথে। একটি পুরোনো কাগজের দোকান ছিল গ্যারেজের পাশে। পোড়া-আধপোড়া কাগজে এলাকাটি কাদার মতো থকথকে হয়ে আছে। থামের ওপর থেকে বিদ্যুৎ, কেব্ল টিভি ও ইন্টারনেটের তার ছিঁড়ে গেছে মাঝে মাঝে। সেগুলোর রবারের প্রলেপ গলে যাওয়ায় ভেতরের ঝলসানো তারগুলো ঝুলছে অশুভ সংকেতের মতো। দমকলকর্মী, পুলিশ ও র্যাব, সেনাসদস্যরা মোতায়েন ছিলেন অকুস্থলে। পশ্চিমে নাজিরা বাজার রোড থেকে পূর্বে আগামসিহ লেন পর্যন্ত মাঝের নবাব কাটরা এলাকার সব দোকানপাট বন্ধ। বৃষ্টি থেকে গা বাঁচাতে দোকানের সামনের একচিলতে বারান্দার ওপর দিয়ে সারি দিয়ে দাঁড়িয়ে ছিলেন নানা বয়সী শত শত বেদনাহত মানুষ। আক্ষেপ করে কেউ কেউ এমনও বলছিলেন পাশের জনকে, ‘দেখছস, বৃষ্টি অহন থামতাচেই না। কাইল যদি এমুন বৃষ্টি নামত, তাইলে আগুনটা এত ছড়াইতা না।’ বৃষ্টির শব্দকে ছাপিয়ে একসময় মৌন এলাকাটিতে ছড়িয়ে পড়ল জুমার আজানের ধ্বনি। নবাব কাটরা রোডের ওপরেই মসজিদ। মিনারের শীর্ষে কংক্রিটের নকশা করা ছাতা। সে কারণে এর নাম নবাব কাটরা ছাতা মসজিদ। মুসল্লিরা একে একে এগিয়ে গেলেন মসজিদের দিকে। হাসপাতাল থেকে একটি-দুটি করে লাশের খাটিয়া আসা শুরু হলো। বৃষ্টিতে ভিজেই স্বেচ্ছাসেবীরা মসজিদের সামনের রাস্তার ওপর শামিয়ানার মতো করে পলিথিন টাঙিয়ে দিলেন। তার নিচে রাখা হলো খাটিয়াগুলো। মাইকে মসজিদের ইমাম ঘোষণা দিলেন, ‘জুমার ফরজ নামাজের পর জানাজা ও বিশেষ দোয়া করা হবে।’ বৃষ্টি তখন একটু মন্থর হয়ে এসেছিল। বন্ধও হলো একটা সময়। কিন্তু লাশের খাটিয়ার আসা বন্ধ হলো না।ছাউনি ছাড়িয়ে দীর্ঘ হচ্ছিল মৃতদেহের সারি। একে একে ১৯টি খাটিয়া রাখা হালো পথের ওপর। ভেজা বাতাসে কর্পূরের গন্ধ। স্বেচ্ছাসেবীরা গোলাপপানি ছিটিয়ে দিচ্ছিলেন মাঝে মাঝে। অনেকের শরীরই আগুনে এমন করে পুড়ে গিয়েছিল যে হাত-পা গিয়েছিল বেঁকে। কাফনে তাদের সেভাবেই জড়িয়ে রাখা হয়েছিল। বিশেষ করে কাফনমোড়া ছোট শিশুদের মনে হচ্ছিল যেন দুমড়েমুচড়ে কাপড়ের পুঁটলি করে রাখা। সেদিকে তাকিয়ে তখন বৃষ্টিধারার মতো অশ্রু নেমেছিল সমবেতদের চোখ থেকে। সে দৃশ্য বুকভাঙা বেদনার।বৃষ্টি থেমে যাওয়ায় দোকানের ছাউনির তলায় দাঁড়ানো লোকেরা নেমে এলেন পথে। গণমাধ্যমকর্মী ও আলোকচিত্রীরা ক্যামেরা নিয়ে তৎপর হলেন চিত্রগ্রহণ ও তথ্যাদি সংগ্রহে। মন্ত্রীরা, দমকলের ঊর্ধ্বতন কর্মকর্তারা এলেন ঘটনাস্থল পরিদর্শনে। এ পথে যানবাহন ঢুকতে দেওয়া হয়নি। লোকে লোকারণ্য হয়ে গেল পথটি দ্রুত। অন্য এক ধরনের চঞ্চলতা সৃষ্টি হলো। এরই মধ্যে মসজিদের মাইকে ঘোষণা এল, ‘এখন জানাজা শুরু হবে। সবাই আমরা কাতারে এসে দাঁড়াই।’জানাজা শেষে মসজিদের মুসল্লিদের সঙ্গে পথে দাঁড়ানো, আশপাশের বাড়ির ছাদে-বারান্দায় দাঁড়ানো অগণিত নারী-পুরুষ প্রার্থনার জন্য হাত তুললেন। সূর্যের দেখা নেই। আকাশে ধূমল মেঘ। শোকাচ্ছন্ন মানুষ পরম করুণাময়ের কাছে কাতর-করুণ আর্তি জানালেন অগ্নিদগ্ধ হতভাগ্যদের জীবনের সব দোষত্রুটি মাফ করে তাদের আত্মার চিরশান্তির জন্য।