লাল কার্ড দেখার প্রস্তুতি নিতে সরকারকে বিএনপির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচনে জনগণ সরকারকে হলুদ কার্ড দেখিয়েছে। তারা এখন লাল কার্ড দেখানোর অপেক্ষায়। সরকারকে তাই লালকার্ড দেখার জন্য প্রস্তুত থাকতে হবে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর নাট্যমঞ্চে বিএনপি আয়োজিত আলোচনায় বিএনপির নেতারা এসব কথা বলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। তিনি দর্শক সারিতে বসে আলোচনা শোনেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, পৌরসভা নির্বাচনে সরকার ব্যাপক প্রভাব খাটিয়েছে। এর পরও জনগণ সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি-সমর্থিত প্রার্থীদের বিজয়ী করেছে। পৌরসভার নির্বাচনে জনগণ সরকারকে হলুদ কার্ড দেখিয়েছে। তিনি সরকারকে লালকার্ড দেখার প্রস্তুতি নিতে আহ্বান জানান।স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় আসে দেশের শেয়ারবাজার লুট হয়ে যায়। বিএনপি সরকারের সময় পুঁজিবাজার নিয়ে কখনো এ ধরনের লুটতরাজ হয় না। এর কারণ আমাদের খুঁজে দেখতে হবে।’বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর সভাপতিত্বে সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহমদ, দলের চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, অধ্যাপক মাহবুবউল্লাহ প্রমুখ বক্তব্য দেন। সভা শেষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।এর আগে বেলা ১১টার দিকে খালেদা জিয়া শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দলের স্থায়ী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।দলীয় চেয়ারপারসন শ্রদ্ধা নিবেদনের পর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কবরে ফুল দেন।সেখানে স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার সাংবাদিকদের বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ব্যর্থতার কারণে পৌরসভা নির্বাচনে বিএনপির বিজয় হয়েছে। সারা দেশে পৌর নির্বাচন সুষ্ঠু হলে ২০০৮ সালের সংসদ নির্বাচনের বিপরীত চিত্র হতো বলে দাবি করেন তিনি। তিনি বিএনপির দাবি মেনে ১৮ পৌরসভায় পুনর্নির্বাচন দেওয়ার জন্য কমিশনের প্রতি আহ্বান জানান।