লাল টিপ দেখতে বলাকায় কুসুম
‘লাল টিপ’ ছবির অভিনেত্রী কুসুম শিকদার কপালে লাল টিপ পরেই হাজির হয়েছেন রাজধানীর বলাকা প্রেক্ষাগৃহে। গতকাল শুক্রবার কুসুম শিকদার আবারও দর্শকদের সঙ্গে ছবি দেখার জন্য বলাকা প্রেক্ষাগৃহে যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ছবিটির পরিচালক স্বপন আহমেদ।এ প্রসঙ্গে কুসুম শিকদার বলেন, ‘এরই মধ্যে ছবি মুক্তির এক মাস পেরিয়ে গেছে। কিন্তু এখনো দর্শকদের যে উচ্ছ্বাস দেখলাম, তাতে মনে হলো আজকেই (শুক্রবার) মুক্তি পেয়েছে ছবিটি।’কুসুম আরও বলেন, ‘অনেকের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, কেউ কেউ ছবিটি দ্বিতীয়বারের মতোও দেখতে এসেছেন। ছবির কাহিনি, নির্মাণশৈলী, লোকেশন ও গান সবকিছুতেই নতুনত্বের স্বাদ পাবার কারণেই ছবিটির বারবার দেখতে এসেছেন বলেই তাঁরা আমাকে বলেছেন। এ আমার জন্য অনেক বড় পাওয়া।’ছবির পরিচালক স্বপন আহমেদ বলেন, ‘বাংলাদেশের মানুষ প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখে না, এটা আমি মানতে রাজি নই। বলতে পারেন লাল টিপ ছবির এ সাফল্যে আমি অভিভূত। ঢাকার বাইরের বিভিন্ন প্রেক্ষাগৃহেও গিয়েছি। কোথাও আমি নিরাশ হইনি। লাল টিপ ছবির যে সাফল্য দেখলাম তাতে পরবর্তী ছবি নির্মাণে অনেক আশাবাদী হয়ে উঠেছি।’ছবির অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন কুসুম শিকদার , ইমন, শহিদুল আলম সাচ্চু, মুনিরা ইউসুফ মেমী, সোহেল খান, মিশু সাব্বির প্রমুখ।লাল টিপ ছবিটির শুটিং হয়েছে ফ্রান্স, থাইল্যান্ড ও বাংলাদেশে। ছবির সংগীত নিয়ে কাজ করেছেন অস্কারজয়ী ফরাসি সংগীতজ্ঞ মরিস জার, বাংলাদেশের ফুয়াদ, ইবরার টিপু, আরফিন রুমী ও আলী আকবর রূপু। গানে কণ্ঠ দিয়েছেন মাইকেল জ্যাকসনের বোন লা টয়া জ্যাকসন, সৈয়দ আবদুল হাদী, জেমস, ফুয়াদ, ন্যান্সি, কণা, পড়শী, ইবরার টিপু, আরফিন রুমী, তাপস, কাজী শুভ ও উপল।লাল টিপ ছবিটি প্রযোজনা করেছেন ইমপ্রেস টেলিফিল্মস আর পরিবেশনার দায়িত্বে আছে আশীর্বাদ চলচ্চিত্র।