লাল টুকটুকে লিপস্টিক ফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর জাতীয় বৃক্ষমেলায় ফুলটি প্রথম দেখা। আগে কোথাও দেখিনি। বেশ কয়েকটি নার্সারি ফুলগাছটি নিয়ে এসেছিল। নার্সারির মালিক ও পরিচর্যাকারীদের সঙ্গে কথা বলে ফুলের নাম জানতে পারি—‘লিপস্টিক ফুল’।নাম শুনে একটু দ্বিধায় পড়ে যাই। কারণ, বৃক্ষমেলায় অনেক নার্সারিতেই দেখা গেছে, অনেক সময় ফুলের বা ফলের ভুল নাম দিয়ে রাখা হয়। তাই ফুলটির নামটি সঠিক কি না, তা নিয়ে সন্দেহ গেল না। এর মধ্যে নানা কাজের চাপে ভুলে বসেছিলাম লিপস্টিক ফুলের কথা। তবে আবার লিপস্টিক ফুলের দেখা মিলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ উদ্যানে। সঙ্গে ক্যামেরা ছিল; ফুলে ফুলে ভরা ছোট্ট গাছটির ছবিও তুলে ফেলি। এরপর শুরু করি এর নামধামের খোঁজখবর। তাতে জানা গেল ফুলটির ইংরেজি নাম ‘লিপস্টিক ভাইন’। অন্দরমহলের গাছ হিসেবে এটি দারুণ জনপ্রিয়। একে ঘরের ভেতর বা বারান্দায় ঝুলন্ত পাত্রে রাখা হয়। ফুল ও পাতা পাত্র থেকে ঝুলে পড়ে নান্দনিক শোভা সৃষ্টি করে। পাতার রং গাঢ় সবুজ। ফুল উজ্জ্বল লাল। ছোট্ট আকৃতির গাছ। এক থেকে দুই মিটার লম্বা। পর্যাপ্ত আলোর দরকার হলেও সরাসরি সূর্যালোক এদের খুব অপছন্দ। পাখিরাই সম্ভবত লিপস্টিক ফুলের পরাগায়ন ঘটায়। নারীদের আকর্ষণীয় প্রসাধনী লিপস্টিক যেমন একটি টিউব থেকে বের হয়, তেমনি লিপস্টিক ফুলের গাঢ় লাল রঙের পুষ্পকোরক বের হয় একটি টিউবাকৃতি পুষ্পদণ্ড থেকে। সে জন্য এই ফুলের নাম লিপস্টিক ফুল। উদ্ভিদ-বিজ্ঞানীয় নাম Aeschynanthus lobbianus. লিপস্টিক ফুলের নিবাস দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে।