লাল শার্ট শিবিরের আংশিক নিয়ন্ত্রণ থাই সেনাবাহিনীর হাতে
থাই সেনাবাহিনী আজ বুধবার এক অভিযান চালিয়ে ব্যাংককের কেন্দ্রস্থলে সরকারবিরোধী বিক্ষোভকারীদের গড়ে তোলা দুর্গসদৃশ শিবিরের আংশিক নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। শিবিরের চারপাশে গাড়ির টায়ার এবং বাঁশ ও কাঠের খুঁটি পুঁতে তৈরি করা ব্যারিকেড ভাঙতে সাঁজোয়া গাড়ি ব্যবহার করা হয়। থাই সংবাদ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, এ অভিযানে অন্তত চার ব্যক্তি নিহত হয়েছে। থাই সরকার জানায়, ব্যাংককের কেন্দ্রে অবস্থিত এলাকাটি বিক্ষোভকারীদের দখলমুক্ত করতে আজ খুব ভোরে সেনাসদস্যরা অভিযান শুরু করার পর বেশ কয়েকজন সরকারবিরোধী লাল শার্ট নেতা ওই স্থান ছেড়ে পালিয়ে গেছেন।সরকারের মুখপাত্র পনিতান ওয়াটানায়াগোর্ন বলেন, সামরিক বাহিনী সাফল্যের সঙ্গে বিক্ষোভকারীদের শিবিরের দক্ষিণে অবস্থিত লুম্পিনি পার্ক এলাকাটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়।অভিযান চলাকালে দুই পক্ষের সংঘর্ষে দুজন সাংবাদিকসহ ৫০ ব্যক্তি আহত হয়েছে। এ ছাড়া একজন ইতালিয়ান সাংবাদিকও নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।এমনকি সামরিক বাহিনী যদি ব্যাংককের বাণিজ্যিক এলাকায় লাল শার্টদের মূল শিবির পুরোপুরি দখল করে নেয়, তা হলেও সম্ভবত বিক্ষোভকারীরা সমাবেশ করার জন্য রাজধানীর ভেতরে ও বাইরে নতুন নতুন স্থান খুঁজে নেবে। আর এসব সমাবেশও ক্রমশ সহিংস থেকে সহিংসতর হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। হাজার হাজার সরকারবিরোধী বিক্ষোভকারীকে ব্যাংককের কেন্দ্রস্থলে নির্মিত তাদের দুর্গসদৃশ শিবির থেকে উত্খাত করার উদ্দেশ্যে পরিচালিত এ অভিযানে সেনাবাহিনী ও সাঁজোয়া বহর শিবিরের চারপাশে গাড়ির টায়ার এবং বাঁশ ও কাঠের খুঁটি পুঁতে তৈরি করা তিন মিটার উঁচু ব্যারিকেডগুলো ভেঙে ভেতরে ঢুকে পড়ে। সেনাসদস্যরা লাল শার্ট বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে গুলি ছুড়তে ছুড়তে এগোতে থাকেন। তবে তাঁরা যে স্থানে আনুমানিক হাজার তিনেক বিক্ষোভকারী একটি সমাবেশ করছিলেন তার কাছাকাছি এসে থেমে যান।সামরিক বাহিনী যে পথ ধরে মূল শিবিরের দিকে এগিয়ে যায়, সেই রতচাদাম্রি রোডে দুই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখা যায় বলে রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী জানায়। তাদের গুলি করে মারা হয় বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, রেড শার্টরাও পাল্টা গুলি চালায়।সেনাবাহিনী ও সাঁজোয়া বহর এসে পৌঁছালে, বিক্ষোভকারীরা কেরোসিন দিয়ে ভিজিয়ে টায়ারের ওপর টায়ার সাজিয়ে তৈরি করা দেয়ালে আগুন লাগিয়ে দেয়। কালো ধোঁয়ায় ওই এলাকার বহুতল ভবনগুলোও ঢাকা পড়ে যায় আর তার আড়ালে লুকিয়ে পড়ে অনেক বিক্ষোভকারী, যারা গত ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে ব্যাংককের মূল বাণিজ্যিক এলাকা দখল করে ছিল। সরকারের মুখপাত্র পনিতান ওয়াটানায়াগোর্ন বলেন, অভিযানটির লক্ষ্য হচ্ছে মূল শিবির ও ব্যাংককের আরও বেশ কিছু এলাকার চারদিকে নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী তৈরি করা, যা সম্পন্ন করতে আজ সারা দিন লেগে যেতে পারে।পনিতানের মন্তব্য থেকে মনে হয়, বিক্ষোভকারীদের তাদের শিবির থেকে এখনই উত্খাত করার জন্য কোনো অভিযান চালানোর পরিকল্পনা এ মুহূর্তে সামরিক বাহিনীর নেই। অনেকেই বিশ্বাস করে, এ ধরনের একটি অভিযান চালানো হলে দুই পক্ষেই অনেক লোক হতাহত হবে।আজকের অভিযান চালানোর আগে সেনাসদস্যরা মাইক ব্যবহার করে বিক্ষোভকারী ও বেসামরিক ব্যক্তি, সবাইকে ওই এলাকা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার পরামর্শ দেন। পাঁচ দিন ধরে ব্যাংককের পথে পথে চলা উচ্ছৃঙ্খল সংঘর্ষ, যা একপর্যায়ে নাগরিক যুদ্ধে রূপান্তরিত হয়; তা বন্ধের লক্ষ্যে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যিত হওয়ার এক দিন পরেই আজ এ সামরিক অভিযান চালানো হলো। পাঁচ দিনের সেসব সংঘর্ষে ৩৯ ব্যক্তি নিহত ও প্রায় ৩০০ জন আহত হয়।