লাল-সবুজে লিচু...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহরের রাস্তাঘাটের ধার এখন প্রায়ই সবুজ হয়ে থাকে। কারণ, এখন লিচুর সময় চলছে। শহরে লিচু আসে ঝাঁকা ভরে ভরে। এর সঙ্গে আসে লিচুর ভূরি ভূরি পাতা। লিচুর গায়ে যাতে আঁচড়টিও না লাগে, সে জন্যই লিচুর ঝাঁকা পাতা দিয়ে ঠেসে দেওয়া হয়। সবুজ সবুজ পাতার মাঝে লাল লাল লিচু যেন আমাদের পতাকার কথাই মনে করিয়ে দেয়।ইতিমধ্যে ফলের বাজার বাদামতলীতে লিচুর বেচাবিক্রি শুরু হয়ে গেছে হাত খুলে। পাইকারেরা গুদামঘরে লিচুর ঝাঁকা নিয়ে বসে আছেন। খুচরা বিক্রেতারা দরদাম করে কিনে নিয়ে যাচ্ছেন। তোফা তোফা লিচু উঠেছে এবার বাজারে। দামও যে খুব বেশি, তাও নয়। ১৫০ থেকে ২০০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে লিচুর ‘শ’। তবে জেনে রাখুন, এই ‘শ’ আর সেই ‘শ’-এ খানিকটা গোলমাল আছে কিন্তু। আমরা সে কথা টের পাই আর না পাই, ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সাহেবরা ঠিকই টের পেয়েছেন সে ফাঁকি। ‘লিচুচোর’দের ধরে ধরে বেশ শাস্তিও দিয়েছেন তাঁরা। তাই নিয়ে কত তামাশা হয়ে গেল বাজারে!বাজার ঘুুরতে ঘুরতে আর দেখতে দেখতে অনেক কিছু জানা গেল লিচু সম্পর্কে। যেমন, কোন জায়গার লিচু ভালো—এ কথা জিজ্ঞেস করলেই সবাই বলে বসে, রাজশাহীর লিচু ভালো। কিন্তু বিষয়টা হলো রাজশাহীর লিচু বলে বেশির ভাগ বিক্রেতা যে লিচু বিক্রি করেন কিংবা যে লিচুকে আমরা রাজশাহীর লিচু ভেবে খাই, তা আসলে আসে ঈশ্বরদী থেকে। ঈশ্বরদী এখন লিচু চাষের জন্য বিখ্যাত হয়ে গেছে। ঈশ্বরদীতে লিচু হয় প্রচুর, বাজারে আসেও সবার আগে। এ লিচুকে স্থানীয় ভাষায় বলে ‘বোম্বাই লিচু’। স্বাদ ভালো বলে বেশ ভালোই বিকোয়। নরসিংদী থেকেও বোম্বাই লিচু আসে ঢাকায়। তবে ঈশ্বরদীর মতো পরিমাণে এত বেশি নয়। বর্তমানে বাজারে যে লিচু পাওয়া যাচ্ছে, সেগুলোর বেশির ভাগই আসলে বোম্বাই লিচু।বোম্বাই লিচুর সঙ্গে সঙ্গে আরেক ধরনের লিচু পাওয়া যায় বাজারে। একে বলে ‘আঁটি’ লিচু। এই লিচু খানিকটা টক, তাই দামে বেশ সস্তা। ভেতরের বীজটা অনেক বড় হয় বলে এ লিচুর তেমন কদর নেই। দেশের বিভিন্ন জায়গা থেকে লিচু আসে ঢাকায়।আরেক ধরনের লিচুর নাম খুব শোনা যায়। সেটির উৎপত্তি যদিও আমাদের দেশে নয়, চীনে। কিন্তু আমাদের দেশে এখন এ জাতের লিচু হরদম চাষাবাদ হচ্ছে। ফলওয়ালাদের কাছে এর নাম হলো চায়না-থ্রি লিচু। এই লিচু দেখতে বোম্বাই লিচুর চেয়ে বড়। গায়ের রং টকটকে লাল, আর কাঁটাগুলো দেশি লিচুর তুলনায় খানিকটা বড়। রাজশাহীতে এর চাষ বেশি হয় বলে একে রাজশাহীর লিচু নামেই সবাই চেনে। এখনো বাজারে ওঠেনি এই লিচু। তবে সপ্তাহ খানেকের মধ্যেই এর মুখ দেখা যাবে বলে আশা করা যায়। আকারে বড় আর দেখতে সুন্দর বলে এই লিচুর দাম খানিকটা বেশি হয়। ১০০ লিচুর দাম প্রায় ৫০০-৭০০ টাকা পর্যন্ত ওঠে। এই তিন জাতের বাইরে আরেক ধরনের লিচু আছে, যার নাম ‘বেদানা লিচু’। নাম শুনেই বোঝা যাচ্ছে, এর হাবভাব খানিকটা বেদানার মতো। দিনাজপুর থেকে এ লিচু আসে ঢাকায়। রাজশাহীর কিছু কিছু অঞ্চলেও নাকি এ লিচু হয়। বেদানা লিচু দেখতে বেশ বড়সড় গোছের। গায়ের রং হয় গাঢ় লাল। কাঁটা বলতে গেলে প্রায় শরীরের সঙ্গে মিশে যায়। এর বীজ ছোট বলে প্রচুর মাংসল হয়। খেতে রসগোল্লার মতো মিষ্টি আর সরেস। দামটাও অবশ্য সে রকম, ১০০ বেদানা লিচু কিনতে হলে প্রায় ৮০০-১০০০ টাকা খসে যাবে পকেট থেকে। ১০-১৫ দিন পর এই লিচু বাজারে উঠবে। বেদানা লিচুর খবর শুনে কেউ যদি পাইকারি দরে কিনতে চান, তাহলে ঢুঁ মারতে হবে বাদামতলীর ফলের আড়তে। আর খুচরা পাবেন বায়তুল মোকাররম এলাকার ফলের বাজারে কিংবা গুলশান-বনানীর বনেদি ফলের দোকানগুলোয়।ভালো লিচু কীভাবে চেনা যায়, সে কথা জানতে চাইলে ঈশ্বরদীর লিচুচাষি মোহাম্মদ ইন্তাজ আলী প্রামাণিক বললেন, ‘লিচু কোনো দিন রং দেইখা কিনবেন না। লাল অইলেও লিচু টক অইতে পারে। লিচু কিনবেন ঘাড়-গতর দেইখা। যে লিচুর ঘাড়-গতর একসমান হইব, সেই লিচু কিনলে জিতবেন। হেই লিচুতে মাংসও বেশি পাইবেন আর মিষ্টিও হইব।’১০০তে এক থোকা বলে যে লিচু বিক্রি হচ্ছে, তাতে তো ঠিকঠাক ১০০টি লিচু কখনোই থাকে না। তো তখন কী করণীয়? প্রশ্নটা শুনে হাসলেন ইন্তাজ আলী, বললেন, ‘লিচু কিননের পর জায়গাত খাড়াইয়া ধৈর্য ধইরা গুইন্যা নিবেন। একপাশ থেইকা দুইটা দুইটা কইরা ধইরা গুনবেন, তইলেই অইবো, ভুল করবেন না। কম অইলে দোকানিরতে চাইয়া লইবেন। নগদ পয়সা দিয়া লিচু কিনবেন, তাইলে কম নিবেন ক্যান?’