লাল-সবুজের স্রোত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইদিদকে পরিচিত কেউ দেখলে নির্ঘাৎ চিনত না। খালি গা। শরীরে লাল-সবুজ পেইন্টিং। তার ঠিক মাঝখানে বুকের ওপর লেখা ‘তামিম’।মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢোকার পথে কাল সকালে অনেকেরই দৃষ্টি কাড়ল শেরেবাংলা নগর সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর এই ছাত্র। কিন্তু বাংলাদেশ দলে এত খেলোয়াড় থাকতে আইদিদের বুকে তামিম ইকবাল কেন? ‘তামিমের খেলা দারুণ লাগে। নাম্বার ওয়ান ব্যাটসম্যানের মতো ব্যাট করে। আমি চাই তামিম আজ (গতকাল) দ্রুততম সেঞ্চুরিটা করুক আর বাংলাদেশ ভারতকে হারিয়ে দিক।’মিরপুর স্টেডিয়ামের পথে সকাল থেকেই লাল-সবুজ স্রোত। কারও গায়ে লাল-সবুজ, কারও মাথায়, কারও বা হাতে। আর মনের মধ্যে তো সবারই! উৎসবের রংও তাই লাল-সবুজই। কালকের বাংলাদেশ-ভারত ম্যাচটাই শুধু নয়, উৎসবটা পুরো বিশ্বকাপকে ঘিরেই।সেই বরিশাল থেকে শুধু বিশ্বকাপের খেলা দেখতে ঢাকায় এসেছেন ‘সিক্স সিস্টারস’ কোয়েল, দোয়েল, মহুয়া, তন্বী, যূথী ও সুমনা। সঙ্গে এক ভাই মোশাররফ। কেউ বিএম কলেজে পড়ছেন, কেউ পড়ছেন মেডিকেল কলেজে। সবার পরনেই লাল-সবুজ পোশাক, অলংকার-সাজ—সবকিছুই যেন জাতীয় পতাকার রঙে! বিশ্বকাপ নিয়ে দারুণ রোমাঞ্চিত সুমনা বলছিলেন, ‘বরিশালে এ রকম খেলা হয় না, এই প্রথম তাই মাঠে এলাম খেলা দেখতে। আর বাংলাদেশে বিশ্বকাপ হচ্ছে, এর সাক্ষী তো হতেই হবে।’মিরপুরের রুবেল সঙ্গে নিয়ে এসেছেন চট্টগ্রাম থেকে আসা খালাতো ভাই রিফাত আর আতিককে। রিফাতের কাছে এই বিশ্বকাপকে মনে হচ্ছে ঈদের চেয়ে আনন্দময় কিছু, ‘ঈদের চেয়ে বেশি আনন্দ লাগছে। কাল (পরশু) সারা রাত আমরা কেউ ঘুমাইনি।’ চার তরুণেরই বিশ্বাস, এবার বাংলাদেশ অন্তত কোয়ার্টার ফাইনালে যাবে। কোয়ার্টার ফাইনালের টিকিটও কেনা আছে তাঁদের।কুমিল্লা থেকে আসা দুই বন্ধু মুকুল আর শামীমকে নিয়ে মিরপুর ১০ নম্বরে এসে একটু ভড়কে গেলেন ব্যাংক কর্মকর্তা আকসিরুল হক। চারদিকে এত লাল-সবুজের সমারোহ আর তাদের হাতে কিনা কিছুই নেই! লাইনে দাঁড়ানোর আগে নিজেও তাই ছুটলেন পতাকা কিনতে। এমন দিনে এক টুকরো লাল-সুবজ না নিয়ে তো আর মাঠে ঢোকা যায় না!স্ত্রী-পুত্র-কন্যাকে নিয়ে পুরান ঢাকার ব্যবসায়ী আর কে চৌধুরী দাঁড়িয়ে ছিলেন স্টেডিয়ামের বাইরে। ঢাকা মহানগর পুলিশের দেওয়া গাইড ম্যাপ পড়ছিলেন খুঁটিয়ে খুঁটিয়ে। বাংলাদেশে বিশ্বকাপ হওয়াটা তাঁর কাছে একটু বেশিই আবেগের, ‘একসময় বঙ্গবন্ধু স্টেডিয়ামে নিয়মিত খেলা দেখতাম। তখন তো আর ভাবিনি কোনো দিন এই দেশে বিশ্বকাপ দেখার সুযোগ পাব। ভালো লাগছে...বাংলাদেশ ভালো খেললে আরও ভালো লাগবে।’ বিশ্বকাপ আর কে চৌধুরীর তৃপ্তিটা বাড়িয়ে দিচ্ছে আরেকটা কারণে। টিকিট পেতে তো আর কম ঝক্কি পোহাতে হয়নি! ঢাকায় টিকিটের লাইন দেখে তিনি টিকিট সংগ্রহ করেছেন সেই ইংল্যান্ড থেকে, ‘ইংল্যান্ডে আমার মেয়ে থাকে। সেই আমাদের জন্য অনলাইনে টিকিট কেটেছে। পরে আমার ছেলে এখান থেকে টিকিট সংগ্রহ করেছে।’লাল-সবুজের এই জনস্রোতে ছিল সাজিদের মতো অনেক শিশু-কিশোরও। সাজিদের ভালো লাগে সাকিব আল হাসানের খেলা। সাকিব বিশ্বকাপে বিশ্বকে চমকে দেবে—এই বিশ্বাস দীর্ঘ লাইনে দাঁড় করিয়ে দিয়েছিল চতুর্থ শ্রেণীর এই ছাত্রকেও। সাজিদের চেয়ে বয়সে একটু বড়ই হবে রাজউক উত্তরা মডেল স্কুলের সাদাফ। এই কিশোর শুধু লাইনে দাঁড়ায়ইনি, সকাল সাতটায় এসে পূর্ব গ্যালারির গেটে দাঁড়ানো প্রথম দর্শক সেই।এত উৎসবের মধ্যেও ইব্রাহিমপুরের নাদিয়ার মনটা যেন একটু খারাপই! বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট পাননি। স্টেডিয়ামের বাইরে থেকেই গায়ে মাখার চেষ্টা করছিলেন বিশ্বকাপের প্রথম দিনের রোমাঞ্চ। ভাই শিবলী সঙ্গে ছিলেন, কিন্তু ছোট বাচ্চা থাকায় উৎসব দেখতে আসতে পারেননি বড় বোন। বোনকে দেখাতে নাদিয়া তাই ডিজিটাল ক্যামেরায় ভিডিও করে নিচ্ছিলেন উৎসবমুখর আবহের খণ্ড চিত্র।এঁদের মতো আরেকজন পাওয়া গেল, নাম সোহান। পড়েন বিবিএতে। বিশ্বকাপের টিকিট না পেলেও বিশ্বকাপের রং ছড়াচ্ছিলেন সোহানরা। চারুকলায় পড়া এক বন্ধুর সঙ্গে তাঁরা বেশ কয়েকজন স্টেডিয়াম গেটের বাইরে রং আর তুলি নিয়ে খেলা দেখতে আসা দর্শকদের রাঙিয়ে দিচ্ছিলেন মনের আনন্দে। ‘নিজেরা খেলা দেখতে না পারলেও অন্যদের রাঙাচ্ছি’—সোহান কথাটা কষ্ট থেকে বললেন, না আনন্দ নিয়ে, বোঝা গেল না।প্রেসবক্সে যাওয়ার পথে প্লাজা গেটে দেখা দুই ভিনদেশি তরুণ অলিভার আর ইংমারের সঙ্গে। দুজনের মাথায়ই বাংলাদেশের ক্যাপ। ঢাকায় একটা এনজিওতে ইন্টার্নি করতে আসা হল্যান্ডের তরুণ অলিভারের রোমাঞ্চটা একটু বেশি, কারণ, ‘বাংলাদেশে এসে টিভিতে অনেক খেলা দেখেছি। তবে এই প্রথম ক্রিকেট খেলা দেখতে মাঠে এলাম।’ অলিভার তবু খেলাটা সামান্য বোঝেন, জার্মানির ইংমার সেটাও না। তার পরও মাঠে ছুটে আসার কারণ, ‘বাংলাদেশে আছি, বাংলাদেশকে সমর্থন করব না...?’লাল-সবুজ বিশ্বকাপ তা হলে সত্যিকার অর্থেই একটা মিলনমেলা!