লাল হলেই টমেটো ভালো হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দর্শনদারি না গুণবিচারি? টমেটো কিনতে গিয়ে আনমনে কোন প্রশ্নটা মাথায় জাগে আপনার? শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক মো. রুহুল আমিনের ব্যাখ্যা শুনলে দর্শনদারির আগে গুণবিচারে নেমে যাবেন আপনি। তাঁর ভাষ্য, নগরের বাজারে যে লাল টকটকে টমেটো পাওয়া যায়, তার বেশির ভাগই কৃত্রিম উপায়ে পাকানো হয়। কাঁচা টমেটো মাঠ থেকে সংগ্রহ করে সেগুলো রোদে রাখা হয়। তারপর সেগুলোতে ক্যালসিয়াম কার্বাইডের মতো রাসায়নিক পদার্থ স্প্রে করে দেওয়া হয়। রাসায়নিক পদার্থের প্রভাবে কাঁচা টমেটো টকটকে লাল হয়ে যায়।কৃত্রিম উপায়ে পাকানো টমেটো খেলে শরীরের কী ক্ষতি হয়? এমন প্রশ্নে মো. রুহুল আমিন বলেন, এই টমেটোতে দেওয়া রাসায়নিক পদার্থ শরীরের জন্য ক্ষতিকর। এগুলোর প্রভাবে সহজেই পেটের পীড়া হতে পারে। আর দীর্ঘমেয়াদি প্রভাব হিসেবে মানবদেহে ক্যানসারের মতো ঘাতক ব্যাধি তৈরি করতে পারে।রুহুল আমিন জানান, নগরের বাজারে যে টকটকে টমেটো পাওয়া যায়, তার ৫০ শতাংশেরও বেশি রাসায়নিক পদার্থ স্প্রে করে কৃত্রিমভাবে পাকানো হয়। বাস্তব পরিস্থিতি যে আরও ভয়াবহ, তা জানা গেল কারওয়ান বাজারের একাধিক পাইকারি টমেটো বিক্রেতার সঙ্গে কথা বলে। এখানকার পাইকারি বিক্রেতাদের কাছে চাঁপাইনবাবগঞ্জের ভোলারহাট উপজেলা থেকে টমেটো সরবরাহ করেন আলমগীর কবীর। তিনি বলেন, ‘স্প্রে করে কাঁচা টমেটো পাকানোর বিষয় একটি সাধারণ রীতিতে পরিণত হয়েছে। কৃষকদের কাছ থেকে যাঁঁরা টমেটো কেনে তাঁরা এভাবেই টমেটো পাকিয়ে থাকেন। এ জন্য ঢাকার বাজারে যে পাকা টমেটো পাওয়া যায়, তার সবই কৃত্রিমভাবে পাকানো।’নিউমার্কেটের ই-ব্লকের বনলতা মার্কেটের কাঁচাবাজারের এক তরকারি বিক্রেতা জানান, তাঁরা যে পাকা টমেটো বিক্রি করছেন, তা দেখতে টকটকে লাল। দেখে মনে হয়, গরম পানিতে দিলেই গলে যাবে। অথচ দীর্ঘ সময় ধরে সিদ্ধ করলেও টমেটোর কিছু অংশ শক্তই থেকে যায়। এ থেকে বোঝা যায়, টমেটো প্রকৃতপক্ষে পাকেনি।কারওয়ান বাজারের টমেটোর একটি আড়তের ব্যবস্থাপক নুরুল আলম বলেন, এখানকার কোনো আড়তে কৃত্রিমভাবে টমেটো পাকানো হয় না। যে জেলা থেকে টমেটো আসে, সেখানকার ব্যবসায়ীরা কৃত্রিম উপায়ে টমেটো পাকিয়ে ঢাকায় সরবরাহ করে থাকেন। ভাদ্র, আশ্বিন ও কার্তিক মাসে ঢাকায় টমেটো আসে ভারত থেকে। অগ্রহায়ণ থেকে শ্রাবণ মাস পর্যন্ত বাজারে দেশের বিভিন্ন জেলায় চাষ করা টমেটো পাওয়া যায়। চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুর, ময়মনসিংহ, দিনাজপুর, কুমিল্লা, পঞ্চগড় থেকে ঢাকার বাজারে টমেটো আসে। একেক সময়ে একেক এলাকার টমেটো পাওয়া যায় বাজারে। এর মধ্যে দেশি টক টমেটো আছে। আবার আছে উচ্চফলনশীল টমেটো। তবে বর্তমান বাজারে উচ্চফলনশীল টমেটোর জয়জয়কার দেখা যায়। কারণ, আকারে বড় টকটকে এই টমেটো দেখে ক্রেতারা আকৃষ্ট হন সহজেই।এর বাস্তব চিত্র দেখা গেল, নিউমার্কেটের ই-ব্লকের বনলতা মার্কেটের কাঁচাবাজারে। ক্রেতারা উচ্চফলনশীল জাতের টমেটো কিনছিলেন বেশি। এমনই একজন ক্রেতা এলিফ্যান্ট রোডের মমতাজ আরা। শরীরের জন্য ক্ষতিকর রাসায়নিক পদার্থ দিয়ে তো টমেটো পাকানো হয়, এ বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, বিষয়টি কখনো ভেবে দেখেননি। ‘কিন্তু ভালো টমেটো পাব কোথায়?’ মমতাজ আরার পাল্টা প্রশ্ন।টমেটোয় থাকা বিষের হাত থেকে বাঁচার একমাত্র পন্থা হচ্ছে, টকটকে লাল নয়, কাঁচা অথবা কাঁচা-পাকা টমেটো কেনা। কারওয়ান বাজারের আড়তের পাশেই খুচরা খোলাবাজার, নিউমার্কেটের ই-ব্লকের বনলতা মার্কেটের কাঁচাবাজার কিংবা নগরের যেকোনো কাঁচাবাজারেই তরকারি বিক্রেতাদের টুকরিতে সবুজ টমেটোর দেখা মিলবে। পাকা টমেটোর তুলনায় কাঁচা টমেটোর দামও অনেক কম। নিউমার্কেটের কাঁচাবাজারে পাকা টমেটো জাতভেদে যেদিন প্রতি কেজি ২৫ থেকে ৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে, সেদিন সেখানে এক কেজি কাঁচা টমেটোর দাম ছিল ১৫ টাকা। আবার কারওয়ান বাজারের খুচরা বাজারে যেদিন এক কেজি পাকা টমেটোর দাম ছিল ১৫ থেকে ২৫ টাকার মধ্যে। সেদিন কাঁচা টমেটোর দাম আট থেকে ১০ টাকা। দাম কম হলেও ক্রেতারা কাঁচা টমেটো কিনতে আগ্রহী হচ্ছে না, তাই ক্ষোভ প্রকাশ করলেন কারওয়ান বাজারের খোলা আকাশের নিচে বসে থাকা খোরশেদ আলম। তাঁর টুকরিতে সাজানো ছিল সবুজ টমেটো। তিনি বলেন, ‘পাকা টমাটোতে ভীষণ কেমিক্যাল। তার পরও পাবলিকে হেইডাই কিনব, কেমিক্যাল থুইয়া ভালো জিনিস খাইব না। কাঁচা টমাটো কিন্না কয়দিন ঘরে রাখইলেই তো পাইক্কা যায়।’