লালখান বাজারে গুলিবিদ্ধ ১, পটিয়ায় তিন বাড়িতে আগুন
চট্টগ্রামের লালখান বাজারে হেফাজতে ইসলামের কর্মীদের সঙ্গে ছাত্রলীগের কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ছাত্রলীগের একজন কর্মীর গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে লালখান বাজারের ইস্পাহানি মোড়ে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে ইস্পাহানি মোড়ের এক প্রান্তে হেফাজতে ইসলাম ও অন্য প্রান্তে ছাত্রলীগের কর্মীরা হরতালের পক্ষে-বিপক্ষে অবস্থান নেন। ছাত্রলীগের সমাবেশে মাইকে স্বাধীনতার গান বাজছিল। একপর্যায়ে ছাত্রলীগের মাইক লক্ষ্য করে ঢিল ছোড়েন হেফাজতে ইসলামের কর্মীরা। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে ছাত্রলীগের ধাওয়ার মুখে ইস্পাহানি মোড় থেকে ওয়াসা মোড়ের দিকে সরে যেতে বাধ্য হন হেফাজতে ইসলামের সদস্যরা। এ সময় কয়েকটি ফাঁকা গুলির শব্দ শোনা যায়। এ ঘটনায় ছাত্রলীগের একজন কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।বিজিবি ও পুলিশ ইস্পাহানি এবং ওয়াসা মোড়ের মাঝামাঝি স্থানে অবস্থান নিয়েছে। এখনো ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার প্রথম আলো ডটকমকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নিয়েছেন।পশ্চিম পটিয়ায় কর্ণফুলী দ্বিতীয় সেতুর দক্ষিণ প্রান্তে আওয়ামী লীগ-সমর্থকদের তিনটি বাড়িতে আগুন দিয়েছেন হরতাল-সমর্থকেরা। পুলিশের ভাষ্য, হেফাজতে ইসলামের ব্যানারে বাড়িতে আগুন দিয়েছেন বিএনপি ও জামায়াত-শিবিরের সদস্যরা।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ পশ্চিম পটিয়ায় হরতালের পক্ষে-বিপক্ষে অবস্থান নেয় আওয়ামী লীগ ও হেফাজতে ইসলাম। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এর জের ধরে সেখানে আওয়ামী লীগ-সমর্থকদের তিনটি বসতবাড়িতে আগুন দেন হরতালকারীরা।চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎমিশ প্রথম আলো ডটকমকে বলেন, ‘আওয়ামী লীগ-সমর্থকদের তিনটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বিএনপি ও জামায়াতের লোকজন এর সঙ্গে জড়িত বলে আমরা খবর পেয়েছি। সংঘর্ষ থামাতে পুলিশ সেখানে অবস্থান নিয়েছে।’এদিকে, আনোয়ারা উপজেলায় আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে হেফাজতের কর্মীদের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ।