ভাষা আন্দোলনই স্বাধীনতার মূল সোপান। একুশের অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাঙালি জাতি-ধর্মনির্বিশেষে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তির সংগ্রামে। এর আগে ১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সব ছাত্র এক হয়ে লড়েছিল। পরে তাতে যোগ দিয়েছিল সাধারণ মানুষও।একুশে ফেব্রুয়ারি ঢাকার ঘটনার পর লালদীঘি মাঠের প্রতিবাদ সমাবেশে সে দিন যেন উপচে পড়েছিল ছাত্র-জনতা। ২১ ও ২২ দুই দিনই সমাবেশ হয়। আর সেখানেই পড়া হয় মাহবুবুল আলম চৌধুরীর একুশের প্রথম কবিতা ‘কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’। মাহবুবুল আলম তখন গুটিবসন্তে আক্রান্ত। তাঁর অনুপস্থিতিতে কবিতাটি পড়েছিলেন চৌধুরী হারুনুর রশীদ। সে দিন সমাবেশে আমরা একটি কাপড়ের তৈরি প্রতীকী শহীদ মিনার নিয়ে গিয়েছিলাম।এর আগে চট্টগ্রামে ভাষা আন্দোলনের প্রথম আঁচ লাগে ১৯৪৮ সালে। আমি তখন চট্টগ্রাম কলেজের ছাত্র। কলেজ ছাত্র সংসদের সহসভাপতি মফিজুল ইসলামের নেতৃত্বে আমরা রাষ্ট্রভাষার দাবিতে মিছিল-সভা করেছি।১৯৪৯ সালে এইচএসসি পাস করার পর আমি চট্টগ্রাম মেডিকেল স্কুলে ভর্তি হই। ’৫২ সালে মেডিকেল স্কুলের ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক হই। তখন চট্টগ্রাম কলেজের সাধারণ সম্পাদক ছিলেন আবদুল্লাহ আল হারুন। মেডিকেল স্কুল ও চট্টগ্রাম সরকারি কলেজের ছাত্ররা কখনো যৌথ, কখনো আলাদা করে ভাষার বিভিন্ন কর্মসূচি পালন করেছিল।আমরা আওয়ামী লীগ ও ছাত্রনেতারা বসতাম ২২ নম্বর আন্দরকিল্লায় আওয়ামী লীগ কার্যালয়ে। ২১ ফেব্রুয়ারি আওয়ামী লীগ কর্যালয়ে গিয়ে খবর পেলাম, ঢাকায় ছাত্রদের ওপর পুলিশ গুলি চালিয়েছে। আওয়ামী লীগ কর্যালয় ও মেডিকেল কলেজ ছিল কাছাকাছি। আমরা কলেজের কমনরুমে তাত্ক্ষণিক একটি প্রতিবাদ সভা করি। পরে সেখান থেকে মিছিল বের হয়। এতে যোগ দেন আওয়ামী মুসলিম লীগের তখনকার সভাপতি জহুর আহম্মদ চৌধুরী, এম এ আজিজ প্রমুখ। বিকেলে লালদীঘিতে সমাবেশ হয়। পরদিন ২২ ফেব্রুয়ারিও লালদীঘি মাঠে একটি প্রতিবাদ সভা হয়। এতে বিপুলসংখ্যক ছাত্র-জনতা সমবেত হয়। আহমেদুর রহমান আজমী, আওয়ামী মুসলিম লীগের জেলা কমিটির সভাপতি শেখ মোজাফফর, চৌধুরী হারুনুর রশীদ, এমদাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। ছিলেন তমুদ্দুন মজলিসের কিছু নেতাও। সেই সমাবেশেই আমরা কাঠের ওপর কাপড় দিয়ে একটি প্রতীকী শহীদ মিনার বানিয়ে নিয়েছিলাম। পরে খুরশিদ মহলের সামনে ইট, বালু সিমেন্ট দিয়ে একটি শহীদ মিনার বানানো হয়েছিল। কিন্তু সেটি এখন নেই।চট্টগ্রামে ভাষা আন্দোলনের যাবতীয় পরিকল্পনা দিতেন দেবেন সিকদার। তিনি অনেকের সঙ্গে যোগাযোগ করে কী করতে হবে, তা ঠিক করতেন।ভাষা আন্দোলনের পথ ধরে রচিত হয়েছে বাঙালির ’৬২, ’৬৬, ’৬৯ ও ’৭১-এর মুক্তি সংগ্রামসহ সব গণতান্ত্রিক আন্দোলন। এসব আন্দোলনের ধারাবাহিকতায় আমি আগরতলা ষড়যন্ত্র মামলার আসামিও হই।একুশ আমাদের ঠেলে দেয় সামনের দিকে। ভাষার দাবিতে তখন সবাই এক ছিলাম। এখন নানা মতভেদ। তবে যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা ছাড়া সবাই এখন দেশকে ভালোবাসে।মো. ছৈয়দুর রহমান: ভাষাসৈনিক, বর্তমানে নগর আওয়ামী লীগের সহসভাপতি।