লালদীঘিকে সুইমিংপুল করা অবৈধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লালদীঘিকে সুইমিংপুলে রূপান্তরের কার্যক্রম অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।গত বছরের ১৮ মে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা রিটের পরিপ্রেক্ষিতে আদালত রূপান্তরের কার্যক্রম স্থগিত করেন এবং রুল জারি করেন। রুলে দীঘিটিকে সুইমিংপুলে রূপান্তরের কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং তা সংরক্ষণ কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ রায় ঘোষণা করেন আদালত। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইকবাল কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।ইকবাল কবির প্রথম আলোকে বলেন, আদালত দীঘিকে সুইমিংপুলে রূপান্তরের কার্যক্রম অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন। ফলে লালদীঘিকে দীঘি হিসেবে সংরক্ষণ করতে হবে।রিট আবেদন থেকে জানা যায়, চট্টগ্রামের লালদীঘি বায়ান্নর ভাষা-আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত একটি ঐতিহাসিক স্থান। নগর উন্নয়ন কর্তৃপক্ষের নকশায় লালদীঘিকে দীঘি হিসেবে চিহ্নিত করে গুরুত্বের সঙ্গে সংরক্ষণ ও ব্যবস্থাপনার কথা বলা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ লালদীঘিকে সুইমিংপুলে রূপান্তরের প্রক্রিয়া ও কার্যক্রম শুরু করেছে বলে গত বছরের ২০ এপ্রিল সংবাদপত্রে খবর প্রকাশিত হয়েছে।যেকোনো জলাশয় পরিবেশ ও প্রতিবেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জলাশয় বদলে সুইমিংপুল হলে তা প্রতিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলবে।